৮ জুন ২০২১


তাহিরপুরে আ.লীগ নেতার পায়ের রগ কর্তন

শেয়ার করুন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব বিরোধের জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবুল মিয়া (৪৮) নামে ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতার পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোমবার সন্ধায় উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজারে আওয়ামী লীগ নেতা বাবুল মিয়াকে একই এলাকার প্রতিপক্ষ ফয়সল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ডান পায়ের রগ কেটে দেয়।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে পরিবারের লোকজন প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। এখানে তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা সিলেট এমজি উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করলে সেখানে থাকে ভর্তী করা হয়। গুরুতর আহত বাবুল মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের নবাব মিয়ার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত।

মঙ্গলবার আনোয়ারপুর বাজারে গিয়ে দেখা যায়, এ ঘটনায় বাজারের দোকানপাট ভয়ে বন্ধ রয়েছে। এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে এবং দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ফাজিলপুর গ্রামের মর্তুজ আলী ওরপে রাজা হাসের ছেলে ফয়ছল মিয়া, আলমগীর (৪৭), কাসেম (৪০), রহমগীর (২৯), সেলিমগীর মিয়া (২৭), হোসেঙ্গীর মিয়া (৪৩) ও ফয়ছল মিয়া (৩৭) সহ ১১ জনের নাম উল্লেখসহ আরও ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা দিয়েছে। মামলাটি দিয়েছেন আহত বাবুল মিয়ার ভাগিনা দক্ষিণকুল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মানিক মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধায় বাবুল মিয়া আনোয়ারপুর বাজার থেকে সবজি কিনে বাড়ি ফেরার পথে তালুকদার ফার্মেসীর সামনে আসা মাত্রই পূর্বপরিকল্পিতভাবে ভারতীয় ভুজাং সহ দেশীয় অস্ত্র নিয়ে ফয়সাল বাহিনী বাবুল মিয়ার উপর অর্তকিত হামলা চালিয়ে পায়ের রগ ও বিভিন্ন স্হানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত করে সিএনজি দিয়ে দ্রুত পালিয়া যায়। এসময় বাজারে আতংক চড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা দ্রুত বাজার ত্যাগ করে সটকে পড়ে এবং দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে তাহিরপুর থানা পুলিশ আনোয়ারপুর বাজারে এসে পরিস্থিতি শান্ত করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে আনোয়ারপুর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় মামলার প্রস্ততি চলছে। এখন বাজারের পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ মে বাবুল ও ফয়সাল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফয়সাল মিয়াকে বাবুল মিয়ার লোকজন কুপিয়ে মারাত্মক রক্তাক্ত করে। এ ঘটনায় উভয় পক্ষের একাধিক মামলা কোর্টে ও তাহিরপুর থানায় চলমান রয়েছে।

শেয়ার করুন