৭ জুন ২০২১


সিলেটে চলতি মাসে বন্যার আভাস

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে ভারী বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে হঠাৎ বন্যা পরিস্থিতি সৃষ্টির আভাস রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোয় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, ভারী বর্ষণের কারণে আকস্মিক এ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও সেটা হবে স্বল্প মেয়াদী। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ শুরু হয়েছে।

এদিকে- মৌসুমি বায়ু তথা বর্ষা দেশের উপকূল অতিক্রম করায় এবং লঘুচাপ আসাম পর্যন্ত বিস্তৃত হওয়ায় আগামী কযেকদিনে বৃষ্টিপাত থামছে না। যারা ধারাবাহিকতায় ৯ থেকে ১১ জুন তুমুল বর্ষণের আভাস রয়েছে। এ অবস্থায় পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের জাদুকাটা, পুরাতন সুরমা ও সুরমা, সিলেটের সারি গোয়াইন, সুরমা ও কুশিয়ারা, মৌলভীবাজারের মনু এবং হবিগঞ্জের খোয়াই নদীগুলোয় পানি দ্রুত বাড়তে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর পানি কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, কয়েকদিন কমবেশি বৃষ্টিপাত হবে। এক্ষেত্রে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বর্ষণ হবে। আর ৯ থেকে ১১ জুন থাকবে তুমুল বর্ষণ। সাধারণত এক নাগাড়ে বেশ কিছুদিন বর্ষা হলে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। তখন ভারী থেকে অতিভারী বর্ষা হলে ভূমিধস হয়। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এটা যদি অব্যাহত থাকে এবং অতিভারী বর্ষণ হয়, তবে পাহাড়ে ভূমিধসের আশঙ্কা দেখা দিতে পারে।

তিনি বলেন, অতীতে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে। তবে আমাদের দেশে ভূমিধসের ঘটনা যতটা না প্রাকৃতিক তার চেয়ে বেশি মানবসৃষ্ট। কেননা, অবাধে পাহাড় কাটা হয়। এরই মধ্যে চট্টগ্রাম, সিলেটে কয়েকদিন ধরেই বর্ষণ হচ্ছে। কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফে ভারী থেকে অতিভারী বর্ষণ হচ্ছে।

আর আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানিয়েছেন, জুন মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।

তিনি আরও বলেন, এছাড়া দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন মাঝারি/তীব্র ঝড় ও দেশের অন্যত্র ৩-৪ দিন হালকা/মাঝারি ঝড় হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

শেয়ার করুন