৭ মে ২০২৩


ওসমানীনগরে রিকশা চালক হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে বজেন্দ্র শব্দকর (৫৫) নামের এক বৃদ্ধ রিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল রিপোর্টে বজেন্দ্রের মাথার পিছনে ৫টি আঘাতের চিহ্ন ও রক্তের দাগ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ বলছে, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড।

রোববার লাশ উদ্ধারের ৩ দিন পর নিহতের স্ত্রী অনি শব্দকর ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে, এই মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নিহত বজেন্দ্র শব্দকর যে রিক্সা নিয়ে বের হয়েছিলেন, এখেনা সেটির খোঁজ বের করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তাজপুর ইউনিয়নের লাল কৈলাশ গ্রামের রাজেন্দ্র শব্দকরের পুত্র বজেন্দ্র শব্দকর বিগত ২ বছর থেকে ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে জীবন যাপন করে আসছেন। তার স্ত্রী অনি শব্দকর উপজেলা তাজপুর ইউনিয়নের মঙ্গলচন্ডী নিশি কান্ত মডেল উচ্চ বিদ্যালয়ে আয়ার চাকরী করেন। দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে ওই বিদ্যালয়ের নবম শ্রেণীতে অধ্যায়নরত।

মামলা সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় ৪ মে (বৃহস্পতিবার) সকালে বজেন্দ্র রিক্সা নিয়ে বের হলে আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন সম্ভব্য স্থানে খোঁজ করে কোন সন্ধান পাননি। ৫ মে শুক্রবার বিকাল ৩টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের প্রথম পাশা কবরস্থান সংলগ্ন কেওয়ালী পুলের পাশে অজ্ঞাত একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে সেখানে সাথে সাথে চলে যান বজিন্দের স্ত্রী অনি শব্দকর, এবং নিহত ব্যক্তিকে তার স্বামী বলে সনাক্ত করেন । পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

মামলার বাদি নিহত ব্রজেন্দ্র শব্দকরের স্ত্রী অনি শব্দকর এই হত্যাকান্ডের সাথে জরিতদের শাস্তি দাবি করে বলেন, পরিকল্পিত ভাবে ধারালো অন্ত্র দিয়ে আমার স্বামীর মাথার পিছন অংশে আঘাত করে হত্যা করা হয়েছে। পরে রিক্সাটি চুরি করে পালিয়ে গেছে হত্যাকারীরা। তিনি বলেন এখনও পর্যন্ত কে হত্যা করেছে, এবং আমার স্বামীর রিক্সাটি ও কোথায় আছে আমরা তো তার কিছুই জানিনা, এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের আইনের আওতার আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এস আই মিল্টন দে বিপিএম বলেন, বজিন্দ্র শব্দকরের লাশ উদ্ধারের পর ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। অজ্ঞাত আসামী করে নিহতের স্ত্রী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। রিক্সার খোঁজও করছে পুলিশ ।

শেয়ার করুন