২ আগস্ট ২০২৩


হবিগঞ্জে মহাসড়কে চা শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

শেয়ার করুন

মো. আশরাফুল নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বকেয়া টাকা পরিশোধ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চা শ্রমিকরা। বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা রোকনপুর বাজারে ইমাম ও বাওয়ানী বাগানের চা-শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। পরে বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চা-শ্রমিকদের অভিযোগ, ইমাম ও বাওয়ানী চা-বাগানের ৩৬০ জন শ্রমিকের চলমান রেশন-তলব, শ্রম চুক্তি মোতাবেক শ্রমিকদের বকেয়া মজুরি ও এরিয়ার বাবদ ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থবছরের ৮১ লাখ ৫৯ হাজার টাকা, বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা পরিশোধ করছে না মালিকপক্ষ। এ ছাড়া চা-বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিলের (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিকপক্ষ পিএফ কার্যালয়ে জমা না দেওয়ায় অবসরপ্রাপ্ত শ্রমিকেরা পিএফ অর্থ পাচ্ছেন না। অন্যদিকে চা-শ্রমিকদের রোদ-বৃষ্টিতে বাসস্থানে অবস্থান করতে দুর্ভোগ পোহাতে হয়। ডাক্তার না থাকায় চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত তাঁরা। বার বার আশ্বাস দিয়েও মালিক পক্ষ বকেয়া অর্থ পরিশোধ না করা ২১ জুলাই থেকে কর্মবিরতি পালন করে আসছে ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ জন শ্রমিক। দাবী বাস্তবায়ন না হলে কর্মবিরতি ও আন্দোলন অব্যাহত থাকার ঘোষণা দিয়েছে চা শ্রমিকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, বালিশিরা ভ্যালীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভাশিষ দাশ, মাদারল্যান্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ তালুকদার প্রমুখ।

শেয়ার করুন