২৮ মে ২০২১


ক্রেতা নেই কাঁঠালের বাজারে

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মধু মাস চলে এলেও বাজার নেই কাঁঠালের। কাঁঠাল চাষিরা ভালো দাম পাচ্ছেন না। ফলে তাদের মধ্যে এক প্রকারের হতাশা কাজ করছে। বেশিরভাগ প্রজাতির কাঁঠালে বছরে একবারই ফলন আসে। কাঁঠালচাষিদের এ জন্য সারা বছর অপেক্ষা করতে হয়। বাজার না থাকায় এই জাতীয় ফল বিক্রি হারিয়েছে সর্বজনীনতা।

সরেজমিন শ্রীমঙ্গলের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ব্যাপকভাবে বাজারে কাঁঠাল উঠলেও বিক্রি হচ্ছে না তেমন। বড় সাইজের কাঁঠালগুলো বিক্রি হচ্ছে মাত্র ৫০/৬০ টাকায়। আর ছোট আকারের কাঠালগুলো ২০/৩০ টাকায়।

খুচরা বিক্রেতা রহিম মিয়া বলেন, কাঁঠালের বাজার খুবই মান্দা। ১০০ কাঁঠাল মাত্র তিন হাজার টাকায় কিনেছি। কিন্তু এখন তো বিক্রি করতে পারছি না। বেশি খরার কারণে কাঁঠালের দাম কম বলে জানান এই বিক্রেতা।

কাঁচামালের আড়ৎদার নজরুল ইসলাম বলেন, কাঁঠাল এখনো সঠিকভাবে পুক্ত হয় নাই। চাষিরা আগে গাছ থেকে পেড়ে বাজারে নিয়ে এসেছে। এর ফলে অপুক্ত কাঁঠাল বেশি পাওয়া যায়। ১০০টা কাঁঠাল কিনলে প্রায় ৪০টা অপুক্ত কাঁঠাল থাকে। এখন কাঁঠালের বাজারে ক্রেতা নাই।

তিনি আরো বলেন, কাঁঠাল বিক্রি পরিবেশের সঙ্গে সম্পর্ক। বৃষ্টি হলে পরিবেশ ঠাণ্ডা থাকলে কাঁঠাল বেশি বিক্রি হয়, তখন দামও বাড়ে। কিন্তু এই খরার মধ্যে কাঁঠালের বিক্রি কম।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, বর্তমানে শ্রীমঙ্গলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে।

কাঁচামাল ব্যবসায়ী শাহজাহান মিয়া বলেন, দূর-দূরান্ত থেকে গাড়িতে করে কাঁঠাল বাজারে আনলেও ভালো দামে বিক্রি করতে পারছি না। আমরা ক্ষতির মুখে আছি।

শেয়ার করুন