১১ মে ২০২১
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে কামাল মিয়া (৫০) নামে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। নিহত কামাল মিয়া উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ইয়াকুব আলীর ছেলে।
মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল মিয়া ও একই এলাকার শের আলীর মধ্যে সোমবার সন্ধ্যায় কাকাইলছেও বাজারে কথা কাটাকাটি হয়। এর জেরে মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই মারা যান কামাল মিয়া। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. নূরুল ইসলাম বলেন, সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি নিয়ে এ সংঘর্ষ তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।