২৮ এপ্রিল ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি : চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জ জেলা থেকে ২৫ হাজার ৮৭০ মেট্রিকটন ধান ক্রয় করা হবে বলে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার। তিনি সব সময় হাওরাঞ্চলের কৃষকদের কথা ভাবেন। তারা যেন ভালো থাকেন সে চিন্তা করেন। কৃষকদের কথা চিন্তা করে বাড়তি দাম দিয়ে এবার ধান কিনছে সরকার যাতে কোনো সিন্ডিকেট দ্বারা কৃষক প্রতারিত বা হয়রানি না হন।
বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
এ সময় সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক নকিব সাদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, সুনামগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ টিপু, মল্লিকপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।