৯ অক্টোবর ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করে মানববন্ধন করেছে বেসরকারি কর্মচারী ইউনিয়ন কলেজ (চুনারুঘাট সরকারি কলেজ) শাখা। সোমবার (৯অক্টোবর) বেলা ১১ টার দিকে কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে চুনারুঘাট সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়কমোড় প্রদক্ষিণ করে কলেজের সামনে এসে শেষ হয়। কর্মবিরতিতে চুনারুঘাট সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন শাখা ইউনিটের সভাপতি বাবু লাল রবি দাশ জানান, আমরা সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি । আমরা কলেজটিতে নামমাত্র বেতনে চাকরি করছি। তাই আমাদের দাবি, চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বিগত কয়েকবছর ধরে নিয়োগপ্রাপ্ত হয়েও তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত আছি। আমাদের মাসিক বেতন ৩০০০ হাজার থেকে ৭০০০ টাকা। এই অল্প বেতনে আমরা পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টে জীবনযাপন করছি।
তারা আরও জানায়, চাকরি স্থায়ীকরণের বিষয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করা হলেও সরকারি পর্যায়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নি। বর্তমানে সাধারণ কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর করা ও নিয়মিতকরণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করার দাবি জানান তারা । চাকরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান ।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো.ফারুক মিয়া, সহসভাপতি কম্পিউটার অপারেটর শেফুল আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, অর্থ সম্পাদক রুবেল মিয়া, প্রচার সম্পাদক উসমান গনি, হুসেন আলী, শাহআলম, আয়া কল্পনা রাণী কর, মাশহুদা,শারমিন আক্তার, রাহেলা আক্তার প্রমুখ।
এএস // মিজানুর রহমান // আতারা