২৪ এপ্রিল ২০২১


ডিম না পাড়ায় মুরগি নিয়ে থানায় মালিক

শেয়ার করুন

বিচিত্র ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে নিজের পালিত মুরগি নিয়ে থানায় অভিযোগ দিতে হাজির হয়েছেন এক মালিক। অভিযোগ, তার মুরগি ডিম দিচ্ছে না!

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনাটি মহারাষ্ট্রের পুনের। সম্প্রতি এক পোলট্রি ফার্মের মালিক পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানান, একটি বিশেষ সংস্থার তৈরি খাবার খাওয়ার পর থেকেই তার সব মুরগি ডিম দেয়া বন্ধ করে দিয়েছে।

এ প্রসঙ্গে লোনি কালভোর পুলিশ স্টেশনের ইনচার্জ রাজেন্দ্র মোকাশি বলেন, আমরা অভিযোগটি গুরুত্ব সহকারে দেখছি। তিনি একা নন, আরো অন্তত চারজন একই অভিযোগ নিয়ে এসেছেন আমাদের কাছে। প্রত্যেকেই বলেছেন, ওই সংস্থাটির খাবার খেয়েই তাদের মুরগি ডিম দেয়া বন্ধ করে দিয়েছে।

তিনি আরো বলেন, আসলে কোনো কোনো সময় কিছু খাবার মুরগিদের পছন্দ হয় না। তখনই মুরগিরা ডিম দেয়া বন্ধ করে দেয়। এ ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে অ্যানিমাল হাসবেন্ড্রি অফিসারের সঙ্গে কথা বলেছেন পুলিশ কর্মকর্তারা। তবে ওই খাদ্য প্রস্তুতকারক সংস্থা সব পোলট্রি ফার্মের মালিকদের ক্ষতিপূরণের আশ্বাস দেয়ায় আর মামলা হয়নি।

শেয়ার করুন