২২ এপ্রিল ২০২১
নিজস্ব প্রতিবেদক : রোগীর চাপ বেড়ে যাওয়ায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পর সিলেট বিভাগের সর্ববৃহৎ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) বেড চালু করা হয়েছে। হাসপাতালে ৮টি আইসিইউ বেড প্রস্তুত করা হয়েছে। বুধবার রাত পর্যন্ত ৫টি আইসিইউতে রোগী ভর্তি ছিলেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আইসিইউ বাদে ওসমানী হাসপাতালে বুধবার রাত পর্যন্ত সন্দেহভাজন ৩৫ জন, করোনায় আক্রান্ত ৪/৫ জন ভর্তি ছিলেন।
সিলেটে করোনার জন্য ডেডিকেটেড হাসপাতাল হচ্ছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। এ হাসপাতালের আইসিইউ বেড রয়েছে ১৬টি। এর মধ্যে ২টি আইসিইউ বেড হচ্ছে ডায়ালাইসিসের জন্য।
শামসুদ্দিন হাসপাতালের আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) ডা: সুশান্ত মহাপাত্র জানান, বুধবার রাত পর্যন্ত তাদের সবকটি আইসিইউ বেড ফিলাপ ছিল। ১০ শয্যার এ হাসপাতালে গতকাল সবমিলিয়ে ৮৫/৮৬ জন রোগী ভর্তি ছিলেন।