১৫ সেপ্টেম্বর ২০২০
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় ক্যারাম খেলা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আব্দুস ছাত্তার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বুকে ফিকলের (দেশীয় অস্ত্র) আঘাত রয়েছে। এছাড়াও আঘাত রয়েছে শরীরের বিভিন্ন স্থানে।
সোমবার রাতে তার অবস্থার অবনতি হলে সিলেট থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে আব্দুস ছাত্তারের সঙ্গে তার ভাই ফুল মিয়ার পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে গত রোববার সন্ধ্যায় দুই ভাইয়ের পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়। এ সময় আব্দুস ছাত্তার আহত হলে ওইদিনই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সিলেট থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাহুবল মডেল থানার ওসি মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।