৯ এপ্রিল ২০২১
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাটে অবস্থিত শহীদ সিরাজ লেক। যা লোকমুখে ‘নীলাদ্রি লেক’ নামেও পরিচিত। পর্যটকদের পদচারণায় মুখরিত শহীদ সিরাজ লেকের আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে। লেকটির নয়নাভিরাম সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের ।
বাংলার কাশ্মীর খ্যাত মেঘালয়ের পাহাড় ঘেঁষা এ লেকের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা টেকেরঘাটে ভিড় জমান দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পর্যটক।
নয়নাভিরাম এ লেকের পাশেই রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজের সমাধি। ২০১৮ সালে তৎকালীন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম শহীদ সিরাজের নামে এ লেকের নামকরণ করেন।
স্থানীয়রা জানায়, শহীদ সিরাজ লেকটি মূলত টেকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পের পরিত্যক্ত কোয়ারি। ১৯৪০ সাল থেকে এ কোয়ারি থেকেই চুনাপাথর সংগ্রহ করে ছাতকের আসাম বাংলা সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠানো হতো। ১৯৪৭ সালে এ কোয়ারির সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৬০ সালে টেকেরঘাটে ৩২৭ একর জমিতে চুনাপাথরের সন্ধান পায় বিসিআইসি কর্তৃপক্ষ। ১৯৬৬ সালে মাইনিংয়ের মাধ্যমে এখান থেকে পাথর উত্তোলন করা হয়। পরে লোকসান দেখিয়ে কোয়ারিটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর দীর্ঘদিন ধরে পানি জমে কোয়ারিটি লেকে পরিণত হয়।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, আগত পর্যটকেরা লেকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজেদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আপলোড করায় পর্যটকদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
নারায়নগঞ্জ থেকে শহীদ সিরাজ লেক দেখতে আসা দর্শনার্থী মো. মাহমুদুর রহমান জানান, শহীদ সিরাজ লেকে অনুষ্ঠিত হানিফ সংকেতে’র জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠান দেখে লেকটির সৌন্দর্য সরেজমিনে দেখতে এসেছি।
শহীদ সিরাজ লেক দেখতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব হাসান জানান, ভারতের মেঘালয় পাহাড়, সবুজ বনানী, উঁচু-নিচু টিলা এ লেকের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় ইচ্ছে থাকলেও অনেকেই এখানে আসতে পারেন না।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, সীমান্তবর্তী শহীদ সিরাজ লেকের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই পর্যটকদের আনাগোনা রয়েছে। তবে মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় বর্তমানে পর্যটকদের আসায় নিষেধাজ্ঞা রয়েছে।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল জানান, শহীদ সিরাজ লেকে দিন দিন পর্যটকদের আগমন বাড়ছে। পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় প্রশাসন সতর্ক রয়েছে। সেই সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।