৩ এপ্রিল ২০২১


ওসমানীনগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ওসমানীনগর এলাকার নিজ কুরুয়া নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাইফুল (২৫) ও জুমন (২৬) নামের দুজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

শনিবার ভোর পৌনে ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর পৌনে ৬টার দিকে ওসমানীনগরের নিজ কুরুয়া এলাকায় সিলেটমুখী মাছ বহনকারী ট্রাকের (ঢাকা মেট্রো ড- ১৪৮২৯৬) সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় সিলেটগামী ট্রাক উল্টে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়ির সামনের দিক দুমড়েমুচড়ে যায় এবং ব্রিজের রেলিং ভেঙে ট্রাকের সামনের দিকে ঢুকে পড়ে। এতে চালকসহ দুজন ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে, সংঘর্ষের ফলে ঢাকাগামী ট্রাকটি উল্টে রাস্তার পাশে জমিতে পড়ে যায়। এ গাড়ির দুজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এস.আই জয়নাল আহমদ বলেন, সকাল সাড়ে ৬টায় সাইফুল (২৫) ও জুমন (২৬) নামের দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদেরকে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন