৩১ মার্চ ২০২১


কোয়ারান্টাইন ভেঙে কারাগারে দুই লন্ডন প্রবাসী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যফেরত প্রবাসীরা কোয়ারেন্টাইন মানছেন না। নিয়ম অনুযায়ী সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তারা কোনমতে দুই একদিন কোয়ারেন্টাইনে থাকছেন। এরপর কখনো হোটেল কতৃপক্ষকে ম্যানেজ করে কখনো কোনো কিছু না জানিয়ে কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যাচ্ছেন। কেউ কেউ হোটেল কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় শপিং, আড্ডা এমনকি ঘটা করে বিয়ের অনুষ্ঠানও সারছেন।

সবশেষ সিলেটে লন্ডনফেরত আরও দুই প্রবাসীকে কোয়ারেন্টাইন ভেঙে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা পেয়ে তাদেরকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার গয়াসপুর গ্রামের মো. আব্দুন নূর (৪২) ও বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রামের আলম হাসান রউফ (৩৬)।

মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এই জরিমানা ও দণ্ড প্রদান করেন।

মো. মেজবাহ উদ্দিন জানান, গত ২২ মার্চ যুক্তরাজ্য থেকে আসা ১৪০ জন যাত্রীর মধ্যে তারাও ছিলেন। সরকারি নির্দেশনা অনুযায়ী তাদেরকে সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য নগরের দরগাহ গেটস্থ হোটেল স্টার প্যাসিফিক এর ৭০৩ ও ৭০৪ নং কক্ষে রাখা হয়।

এরপর ২৯ মার্চ তারা করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। কিন্তু পরীক্ষার ফলাফল আসার আগেই মঙ্গলবার দুপুরে এই দুই ব্যক্তি কোয়ারান্টাইন ভেঙে জোরপূর্বক হোটেল ত্যাগ করেন। এরপর সন্ধ্যা ৬টার দিকে তারা হোটেলে ফিরে আসেন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন হোটেল স্টার প্যাসিফিকে ‌গিয়ে ঘটনার সত্যতা পান। পরে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা এবং সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে চালিত মাসের শুরু থেকেই সিলেটে করোনার প্রকোপ বেড়েই চলেছে। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমিত রোগী সংখ্যা। সবশেষ মঙ্গলবার (২৮ মার্চ) সিলেটে এ বছরের সর্বোচ্চ ১০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এমতাবস্থায় যুক্তরাজ্যফেরত প্রবাসীদের ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারান্টাইন বাধ্যতামূলক করেছে সরকার। এরইমধ্যে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান বিষয়টি নিশ্চিত করে বলেন, জরিমানা আদায়ের পর দণ্ডিতদের রাত ১০ টার দিকে সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে নগরীর আম্বরখানাস্থ হোটেল ব্রিটেনিয়া থেকে একই পরিবারের নয় সদস্য কোয়ারান্টাইন থেকে পালিয়ে গ্রামের বাড়ি চলে যান। পরে তাদের মধ্যে থেকে প্রাপ্তবয়স্ক ছয় জনকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া নগরীর লামাবাজারস্থ হোটেল লা ভিস্তায় কোয়ারান্টাইনে থাকাবস্থায় যুক্তরাজ্য ফেরত এক যুবক বিয়ের অনুষ্ঠান সারেন। এ নিয়ে সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়।

শেয়ার করুন