২৭ মার্চ ২০২১


নগরীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৬ ম্যাজিস্ট্রেট নিয়োগ, তৎপর প্রশাসন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাশকতারোধে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। যে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা ও বিশৃঙ্খলারোধে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে আইনগত নির্দেশনা দেবেন তারা।

শনিবার সকাল থেকে মহানগর পুলিশের আওতাধীন ৬ থানা এলাকায় একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আগামীকাল রোববার পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন। সিলেট মহানগর পুলিশের একটি স্মারকের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এম. কাজী এমদাদুল ইসলাম।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা হলেন- কোতোয়ালী থানা এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন, শাহপরাণ (রহ.) থানা এলাকায় সিনিয়র সহকারী কমিশনার খন্দকার মুদাচ্ছির বিন আলী, এয়ারপোর্ট থানা এলাকায় সহকারী কমিশনার হাসিবুর রহমান, জালালাবাদ থানা এলাকায় সিনিয়র সহকারী কমিশনার মো. রায়হান কবির, দক্ষিণ সুরমা থানা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হক ও মোগলাবাজার থানা এলাকায় সহকারী কমিশনার ফারজানা আক্তার মিতা।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্ণব জানান, সিলেট মহানগরীর ৬ থানা ছাড়াও জেলার সবকটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে, আজ সারা দেশে হেফাজতের বিক্ষোভ চলছে। কাল হরতাল ডেকেছে হেফাজত। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সিলেটে সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি। ইতোমধ্যে র‌্যাব, পুলিশ বিজিবির টহল জোরদার করা হয়েছে।

শনিবার সকাল থেকে নগরীর কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার, সুবিদবাজার, আম্বরখানা, শাহীঈদগাহ, টিলাগড়, শিবগঞ্জ, মিরাবাজার ও উপশহরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে মহড়া দিতে দেখা গেছে। গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকায় বসানো হয় নিরাপত্তাচৌকি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশৃঙ্খলা কিংবা নাশকতা যাতে কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য নগরীতে টহল বৃদ্ধি করা হয়েছে র‌্যাব ও পুলিশে। একইসাথে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

তারা আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন নগরীতে এমন নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

শেয়ার করুন