২০ মার্চ ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ি উপজেলার বিটুলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল মুমিন বাপ্পা (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সে উপজেলার পূর্ব বিটুলী গ্রামের আবদুর রউফের ছেলে।
শনিবার ভোররাতে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বিটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে ভারতের অভ্যন্তরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়।
ফুলতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মইনুদ্দিন জানান, বাপ্পা গরু ব্যবসায়ী ছিলেন। ভোররাতে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বিটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে ভারতের ইয়াকুবনগর এলাকায় ভারতীয় সীমান্তের ১৮২২ নম্বর পিলারের কাছে বাপ্পার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রায় দুই বছর আগে একই স্থানে বাপ্পার চাচা আব্দুল কালাম বিএসএফের গুলিতে নিহত হন।
মইনুদ্দিন বলেন, এ ব্যাপারে বিজিবির-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিজিবি এ বিষয়ে বিএসএফকে চিঠি দেবে বলে জানান তিনি।
বিজিবির-৫২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিইও) শাহ আলম সিদ্দিকী বলেন, ‘জানতে পেরেছি একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। পুরোটা নিশ্চিত হতে পারিনি। নিশ্চিত হলে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক করে নিহতের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।