১৬ মার্চ ২০২১
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন করার দায়ে দুজনকে আটক করে তাৎক্ষণিকভাবে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে নবীগঞ্জ উপজেলার ছত্রকূট মৌজায় অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের সময় জেবেল মিয়া ও সাহেল আহমদ নামের দুজনকে ট্রাকসহ হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন থেকে সংঘবদ্ধভাবে মাটি-বালু উত্তোলন করে আসছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহি উদ্দিন। দণ্ডপ্রাপ্তরা হলেন নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের চরগাঁও গ্রামের আজবার উল্লাহর ছেলে জেবেল মিয়া (৩৫) ও ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র ছালেহ আহমদ (৩৭)।
সংশ্লিষ্ট সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের সহায়তায় এদের আটক করা হয় এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী প্রত্যেককে এক (০১) বছর করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযানের সময় নবীগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
এদিকে উক্ত এলাকায় এসকল বালু মাটি উত্তোলন বন্ধ করতে হবিগঞ্জের জেলা প্রশাসক স্থানীয় ইউপি চেয়ারম্যানকে গ্রাম্য পুলিশের মাধ্যমে পর্যায়ক্রমে পাহারার নির্দেশনা দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, অবৈধ মাটি- বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।