১২ মার্চ ২০২১


ভিত্তিপ্রস্তরেই আটকে আছে শহিদ মিনার

শেয়ার করুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলশাহ বাজার পয়েন্টে বায়ান্নের ভাষা শহিদগণের স্মরণে ভিত্তিপ্রস্তর স্থাপনের ৯ বছরেও নির্মিত হয়নি প্রয়াত সেনগুপ্তের প্রস্তাবিত শহিদমিনারটি।

সরেজমিন গেলে দেখা যায়, শহিদমিনারের ভিত্তিপ্রস্তরটি অবহেলা অযত্নে পড়ে রয়েছে। শহিদমিনার নির্মাণ না হওয়ার কারণ জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন- সুরঞ্জিত বাবুর জীবদ্দশায় ২ বার বরাদ্দ দেওয়ার পরও নেতারা পকেট ভারী করতেই ব্যস্ত, তাদের পকেটেই এসব বরাদ্দ রয়েছে।

স্থানীয়রা জানান, হাতিয়া রাধানগর গ্রামের তৈয়ব আলী শহিদমিনার নির্মাণের জন্য দুই শতক ভূমি দান করেন। শহিদ তালেব উদ্দিনের স্মৃতি বিজড়িত জন্মস্থান হাতিয়া গ্রামের পার্শ্ববর্তি আকিলশাহ বাজার পয়েন্টে তৈয়ব আলীর দানকৃত ভূমিতে ২০১২ সালে ১৬ জুন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত তৎকালীন রেলমন্ত্রী থাকাকালীন সময়ে শহিদদের স্মরণে আনুষ্ঠানিকভাবে শহিদমিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শহিদমিনার নির্মাণের লক্ষ্যে প্রথম বার সুরঞ্জিত সেনগুপ্ত প্রায় দেড় লাখ টাকা বরাদ্ধ দেন এরপর জেলা পরিষদ থেকেও আরও প্রায় দেড় লাখ টাকাসহ দুই বারে প্রায় ৩ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়। কিন্তু বরাদ্ধের টাকা উত্তোলন করলেও শহিদমিনার নির্মাণ করা হয়নি।

অভিযোগ উঠছে- কুলঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলেন। তিনি বরাদ্দের টাকা উত্তোলন করে কোন কাজ করেননি।

নিজে শহিদমিনারের জন্য প্রথম বরাদ্দ প্রকল্পের সেক্রেটারি ছিলেন জানিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা হাতিয়া গ্রামের সাজ্জাদ মিয়া বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন শহিদমিনার নির্মাণ প্রকল্পের সভাপতি ছিলেন। তিনি আমাকে কিছু না জানিয়ে বরাদ্দের সমূহ টাকা উত্তোলন করে নেন।’

তবে তোফাজ্জুল হোসেন জানান, ‘আমি ৮০ হাজার টাকা তুলেছিলাম। ৬০ হাজার টাকার বালু-পাথর রাখছিলাম তা নষ্ট হয়ে গেছে। বাকী ২০ হাজার টাকা শহিদ তালেব সহোদর ও আওয়ামী লীগ নেতা সামছুল ইসলামের নিকট ফেরত দিয়ে দিয়েছি।’

বরাদ্দ একবারই দেয়া হয়েছে দাবী করে তিনি বলেন- ‘আরও টাকা দেয়ার কথা ছিল, তা দেয়া হয়নি।’

ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, শুনেছি প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত শহিদমিনারের জন্য বরাদ্দ দেন। ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন। শহিদ মিনার না করে আওয়ামী লীগ নেতারা বরাদ্দের টাকা কি করেছেন তারাই জানেন।

শেয়ার করুন