১০ মার্চ ২০২১
ডেস্ক রিপোর্ট : যৌতুক ও নারী নির্যাতন মামলায় সিলেটের বেসরকারী লিডিং ইউনিভার্সিটির শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী (৩৩)সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলেন আশরাফুল ইসলামের বাবা চট্টগ্রামের লোহাগাড়ার আবুল কালাম চৌধুরী (৫৫), খালু সাতকানিয়া উপজেলার মনিয়াবাদ গ্রামের মো: নাজিম উদ্দিন (৫০) ও মামা একই উপজেলার পশ্চিম ডেমশা গ্রামের মো: মনসুর আলম (৪৮)।
মঙ্গলবার মধ্যরাতে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ নগরীর কেওয়াপাড়ার ভাড়াটে বাসা থেকে তাদের গ্রেফতার করে। এর আগে এসএমপির কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী ২০০৩ ধারায় একটি মামলা (নং-২৫, তাং-০৯/০৩/২০২১) করেন ওই শিক্ষকের স্ত্রী (২৮)।
এজাহারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: রেজাউল করিম জানান, আশরাফুল ইসলাম চৌধুরী লিডিং ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত। ২০১৬ সালে তিনি নগরীর সুবিদবাজারে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকে তিনি তার খালামনির প্ররোচনায় শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে চট্টগ্রাম থেকে সিলেটে এসে নির্যাতনের সঙ্গে সম্পৃক্ত হন তার বাবা, খালু ও মামা। তারা যৌথভাবে বাসার ফার্নিচার ও আসবাবপত্র ক্রয় এবং আশরাফকে উচ্চ শিক্ষার্থে বিদেশ পাঠানোর কথা বলে তার কাছে ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে তার উপর শুরু হয় শারিরীক ও মানসিক নির্যাতন।
বিষয়টি নিয়ে দীর্ঘদিন দফায় দফায় আপোস মিমাংসার চেষ্টা করেও সুরাহা না হওয়ায় অবশেষে আইনের আশ্রয় নিতে বাধ্য হন নির্যাতিতা স্ত্রী।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ জানান, গ্রেফতারের পর বুধবার সকালে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।