৩ মার্চ ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে অবস্থিত বন্য প্রাণীর অভয়াশ্রম সাতছড়ি জাতীয় উদ্যানে গুপ্ত অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ অভিযান কি জন্যে তা নিশ্চিত করা হয়নি।
মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চলছিল। এসময় অরণ্যের ভেতরে বিজিবি সদস্যরা মাটি খোড়াখুড়ি করেছেন বলে জানা গেছে। আশপাশের এলাকায় কাউকে প্রবেশও করতে দেওয়া হয়নি এসময়। এনিয়ে স্থানীয়দের মধ্যে রহস্য সৃষ্টি হয়েছে।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ল লেফট্যানেন্ট কর্ণেল এসএনএম সামীউন্নবী চৌধুরী বলেন, তাদের একটি দল সেখানে অভিযান শুরু করছে। মধ্যরাত পর্যন্ত অভিযান চলছিল। কি জন্যে অভিযান করা হচ্ছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ এবং সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মোতালেব বলেন, শুনেছি বিজিবি অস্ত্রের সন্ধান পেয়ে অভিযান করছে। তবে অস্ত্র উদ্ধার হয়েছে কি না তা এখনও জানতে পারেনি।
এর আগে ২০১৪ সালের ১ জুন থেকে থেকে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাতছড়ি জাতীয় উদ্যানের অরণ্যে ছয় দফা অভিযান করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অভিযানগুলোতে তারা ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৯টি মেশিনগান, আটটি ম্যাগজিন, একটি বেটাগান, ছয়টি এসএলআর, একটি অটোরাইফেল, নয়টি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড রাবার বুলেট, ২৫০ গুলি ধারণক্ষমতা সম্পন্ন আটটি বেল্ট, উচ্চক্ষমতা সম্পন্ন একটি রেডিও, এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, থ্রি নট থ্রি রাইফেলের ১৫২ রাউন্ড গুলি, পিস্তলের ৫১৭ রাউন্ড গুলি, মেশিনগানের ৪২৫ রাউন্ড ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট, ১০টি হাই এক্সক্লুসিভ ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট ও ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশকিছু বিস্ফোরক উদ্ধার করে।