১৯ ফেব্রুয়ারি ২০২১


সিলেটে করোনা হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন ২৪জন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট বিভাগে করোনায় আক্রান্তের পাশাপাশি বাড়ছে সুস্থতা। সিলেট বিভাগে করোনায় আরও ১০জন আক্রান্ত হয়েছেন। সেই সাথে চিকিৎসায় ৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেট ভিউকে এ তথ্য জানান ।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১০জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলার ৪ জন রয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এছাড়াও মৌলভীবাজারে আরও ৩জন করোনায় আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৭১০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৫১ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৯২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ২৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ২২ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫ হাজার ৩৮৯ জন করোনা আক্রান্ত রোগী এবং করোনায় মৃত্যুবরণ করেছেন ২৭৮ জন।

শেয়ার করুন