৭ জুলাই ২০১৭


জৈন্তার গুয়াবাড়িতে চলছে পাহাড় কেটে পাথর উত্তোলন

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পাহাড় ও টিলা কর্তন করে চলছে পাথর উত্তোলন। সংশ্লিষ্ট প্রশাসন নোটিশ টানিয়েই যেন দায়িত্ব শেষ। কোনো খবরদারি করা হচ্ছে না।

জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ির সরকারি পাহাড় হতে রাতের আঁধারে ভূমিখেকো চক্রের সদস্যরা পাহাড় কর্তন করে পাথর উত্তোলন করছে। ৪ বৎসর আগে গুয়াবাড়ি এলাকার পাহাড় ও টিলা কর্তনের উপর সহকারী কমিশনার (ভূমি) নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ড লাগান। কিন্তু প্রভাবশালীরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে পাহাড় ও টিলার বুক চিরে পাথর বের করে নিচ্ছে। এর ফলে পাহাড়ের একাধিক অংশের মাটি বৃষ্টির পানির সাথে গড়িয়ে স্থানীয় ফসলি জমি ভরাট হয়ে যাচ্ছে।

এছাড়া পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলো জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। অপরদিকে রাত ১০টা বাজার সাথে সাথে পাথরখেকো চক্র রাতের আঁধারে পিকআপ ও নৌকাযোগে উত্তোলিত পাথর নিয়ে যায় উপজেলার ২-৪টি পাথার ক্রশিং মিলে।

সম্প্রতি সংসদ সদস্য ইমরান আহমদ বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে গুয়াবাড়িসহ পাহাড় ও টিলা হতে পাথর উত্তোলন না করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। কিন্তু তাঁর নির্দেশের পরও থেমে নেই পাহাড় কর্তন।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সোহেল মাহমুদ জানান, ইতঃপূর্বে গুয়াবাড়ি হতে পাথর উত্তোলনের উপর কড়া নির্দেশনা জারি করেছি। তার পরেও এটি কঠোরহস্তে বন্ধ করার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

 

(আজকের সিলেট/৭ জুলাই/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন