১ জানুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক : যানজট নিরসনে কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কে রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। শুক্রবার থেকে এই এলাকায় রিক্সা, লেগুনা, ভ্যান ও হাতাগাড়ি চলাচল বন্ধ রয়েছে বিজ্ঞপ্তি জারি করেছে সিসিক। এদিকে, সিসিকের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন কর্মস‚চি পালন করেছেন রিক্সাচালক ও মালিকরা।
সিসিক প্রেরিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নগরের প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধন কাজ চলমান অবস্থায়ই নগরবাসীর দৃষ্টি কাড়া দুই লেনের এই সড়কটিতে এবার রিক্সা, হাতাগাড়ি, ভ্যানগাড়ি ও লেগুনা চলাচল বন্ধ করা হচ্ছে। যানজট নিরসনের লক্ষ্যে আজ শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হচ্ছে। এই লক্ষ্যে সিসিকের পক্ষ থেকে নগরজুড়ে বিজ্ঞপ্তির সাইনবোর্ড টাঙ্গানো ও জনসচেতনতায় মাইকিং করা হয়েছে ।
বিদায়ী বছরে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার কোর্ট পয়েন্ট-চৌহাট্টা-আম্বরখানা সড়কটি যানজটমুক্ত ও দৃষ্টিনন্দন করতে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করে সিসিক। এরই ধারাবাহিকতায় এ সড়কের মধ্যখানে ডিভাইডার দিয়ে সেখানে বসানো শুরু হয়েছে ৭ ফিট উচ্চতার কারুকাজ করা গ্রিল। পাশাপাশি ডিভাইডারে লাগানো হচ্ছে গাঁদা ফুল। এর আগে দুপাশের বৈদ্যুতিক খুঁটি ও তার সরিয়ে জঞ্জালবিহীন করা হয়েছে সড়কটিকে। শুধু ডিভাইডারের খুঁিট রাখা হয়েছে ইমার্জেন্সি বিদ্যুৎ লাইনের জন্য। বৈদ্যুতিক তারসহ বাকি সব ক্যাবল লাইন নেয়া হয়েছে মাটির নিচ দিয়ে। এর ফলে সড়কটির সৌন্দর্য বাড়ছে এবং আকর্ষিত করছে সড়কে চলাচালকারী জনসাধারণ এবং নগরবাসীকে।
সড়কটিকে সিলেটের একটি মডেল সড়কে পরিণত করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের দীর্ঘদিনের নাগরিক দাবি ফুটপাত হকারমুক্ত করার কাজটি মহানগর পুলিশের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন করা হয়েছে। নগরবাসি ফুটপাতে নির্বিঘ্নে হাঁটার অধিকার ফিরিয়ে দিতে পেরেছি।
সিসিক মেয়র বলেন, সেই ধারাবাহিকতায় নগরীর ব্যস্ততম এই সড়কে যানজট নিরসনের লক্ষ্যে কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা, ভ্যান, হাতাগাড়ি ও লেগুনা চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। সড়কটিকে হকারমুক্ত করার পাশাপাশি যানজট মুক্ত রাখার এই উদ্যোগও নগরবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। যানজট নিরসনে নেয়া সিসিকের এই সিদ্ধান্তে সিলেট মহানগর পুলিশ সার্বিক সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন সিসিক মেয়র।
এদিকে, সিসিকের এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার নগরীতে মানববন্ধন করেছেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং চট্ট-১৬৬৯) রিক্সাচালক ও মালিকরা। বৃহস্পতিবার নগরীর জিতু মিয়ার পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, সিলেট সিটি কর্তৃপক্ষ বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় রিক্সা মালিক-শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মস‚চি দিতে বাধ্য হবে।