১৮ অক্টোবর ২০২৩
সৈয়দ হেলাল আহমদ বাদশা : দীর্ঘদিন পর প্রবাস থেকে ফিরে রাজা টমেটো চাষে ব্যস্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের কৃষক আব্দুল লতিব। বর্তমানে আমন ধানের চারার মাঠে দুইবিঘা জমিতে রাজা টমেটো, শসা ও কদু চাষে ব্যস্ত সময় পার করছেন তিনি।
গত সপ্তাহের টানা বৃষ্টিতে তার লাগানো শসা, টমেটো ও কদুর চারার ৭০ শতাংশ নষ্ট হয়ে গেছে। তবুও হাল ছাড়েন নি তিনি ,পুনরায় চারা সংগ্রহ করে পরিচর্যায় ব্যস্তসময় কাটাচ্ছেন।
সরেজমিনে গিয়ে তার সাথে কথা বলে জানা যায়,দীর্ঘ ১৮ বছর তিনি সৌদি আরব ছিলেন। গতবছর দেশে এসে কিছুএকটা করার পরিকল্পনা করেন। কী করবেন এমন ভাবনায় জানতে পারেন গ্রামের দুইজন গত বছর রাজা টমেটো চাষ করে লাভবান হয়েছে। সেই থেকে সিদ্ধান্ত নেন তিনিও এ বছর রাজা টমেটো চাষ করবেন।
গতমাসে নিজে টমেটোর চারা তৈরি করে জমিতে লাগিয়েছেন।কিন্তু গত সপ্তাহের টানা বর্ষণে তার ৭০ ভাগ চারা নষ্ট হওয়ায় পুনরায় চারা সংগ্রহ করে আবার রোপণ করছেন বলে জানান কৃষক আবদুল লতিব। তিনি জানান,চারা তৈরি থেকে রোপণ ও শ্রমিকসহ তার এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় সত্তর হাজার টাকা । চারা নষ্ট হওয়ায় দ্বিতীয়বার পরিশ্রম করতে হচ্ছে তাকে ,সেই সঙ্গে বাড়ছে খরচও। তবে তিনি আশা করছেন, রোগবালাই থেকে রক্ষা পেলে সবমিলিয়ে ভালো ফলন হলে বেশি মুনাফা না হলেও তাকে ক্ষতির মুখে পড়তে হবে না।
গ্রামের কয়েকজন কৃষক জানান,ছোটবেলা থেকেই আব্দুল লতিব একজন কর্মঠ ও পরিশ্রমী মানুষ। তার দ্বারা এই কাজ সম্ভব । তিনি পরিশ্রমের মাধ্যমে ভালো ফলন উৎপাদন করে লাভের মুখ দেখতে পারবেন। তারা আরও জানান, গতবছর এই গ্রামে দুই থেকে চারজন টমেটো চাষ করে লাভবান হওয়ায় এ বছর ১০ থেকে ১২ জন কৃষক টমেটো চাষে আগ্রহী হয়েছেন। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে টমেটো শসাসহ শীতকালীন নানা শাকসবজির আবাদ।কৃষিতে নতুন নতুন মানুষের আগমন ও পরিবর্তন হচ্ছে বলেও জানান তারা।
এএস // আতারা