২১ ডিসেম্বর ২০২০
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে জলসুখা ইউনিয়নের পাটুলিপাড়ায় রাতের আধারে ভূ-গর্ভস্থ মাটি মেশিনের মাধ্যমে অবৈধভাবে উত্তোলনে জড়িত ৩ জনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
জানা গেছে, জলসুখার পাটুলিপাড়ায় রোববার রাত আনুমানিক সাড়ে ৭ টায় রাতের আঁধারে লোকচক্ষুর অন্তরালে এক্সেভেটর মেশিনের মাধ্যমে অনুমোদন বহির্ভূতভাবে ভূ-গর্ভস্থ মাটি উত্তোলন করছিল। গোপনসূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন ঘটনাস্থলে ছুটে যান এবং অভিযান পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদন বহির্ভূতভাবে যান্ত্রিক উপায়ে ভূ-গর্ভস্থ মাটি উত্তোলনের দায়ে- ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জের বাসিন্দা মৃত ফরিদ উদ্দিনের পুত্র মেহেদি হাসান (২১), নোয়াখালীর চরজব্বারের চরবৈশাখীর বাসিন্দা মৃত জাকির হোসেনের পুত্র করিম মিয়া (৩৮) ও জলসুখার পাটুলিপাড়ার বাসিন্দা মৃত লদু উল্লাহর পুত্র অলি মিয়া (৬২) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত তিনজনের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ০১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁন।
অভিযানে পরিচলনাকালে এস আই লিটন চন্দ্র ঘোষের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন বলেন, পরিবেশ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।