৩০ সেপ্টেম্বর ২০২৩


দক্ষিণ সুরমা প্রেসক্লাব সদস্যদের সঙ্গে ডা. দুলালের মতবিনিময়

শেয়ার করুন

 

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ সুরমা প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় করেন তিনি ।

মতবিনিময়কালে ডা. দুলাল বলেন, বর্তমান সরকারের আমলে দেশে আশানুরূপ উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে আমি নির্বাচন করতে চাই । প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিতে চাই।

স্বাস্থ্যক্ষেত্রে সিলেট-৩ কে আরও আধুনিক ও মানসম্মত করতে ব্যাপক পরিকল্পনা করা হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারি স্বাস্থ্য অবকাঠামোসমূহের মাধ্যমে জনগনের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাতৃ ও শিশুস্বাস্থ্য, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, পরিবার পরিকল্পনা সেবা, কমিউনিটি ক্লিনিক সেবা, উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সমূহের আধুনিকায়ন, সেবার মান ও জনবল বৃদ্ধি করতে আমি সচেষ্ট থাকবো।

দক্ষিণ সুরমার উন্নয়নে সাবেক এমপি আলহাজ মাহমুদ উস সামাদ চৌধুরীর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ডা. দুলাল বলেন, বিগত ৩ টার্মে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এরপরও এই নির্বাচনী এলাকায় বেশ কিছু উন্নয়ন প্রকল্প অসমাপ্ত রয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় গেলে জনগনের সেসব আকাঙ্ক্ষার সফল বাস্তবায়ন সম্ভব হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মোগলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলুল করিম হেলাল, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, যুবলীগনেতা রাসেল আহমদ চৌধুরীসহ প্রেসক্লাব সদস্যবৃন্দ ।

এএস // সোহেল // আতারা

শেয়ার করুন