৭ ডিসেম্বর ২০২০


দোয়ারাবাজারে ট্রলির ধাক্কায় যুবক নিহত

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ট্রলির ধাক্কায় রাসেল মিয়া (২০) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত রাসেল মিয়া উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পান্ডারগাঁও গ্রামের আলী হায়দারের ছেলে।

রোববার রাতে দোয়ারাবাজার উপজেলার বিয়ানিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, রোববার রাত ১০টার দিকে রাসেল মিয়া দোয়ারাবাজার থেকে ফাজায়েল আহমদকে (১৫) সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে পান্ডারগাঁও গ্রামে যাচ্ছিলেন। পথে একটি ট্রলি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাসেল মারা যান। স্থানীয়রা গুরুতর আহত ফাজায়েল আহমদকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশ ট্রলিটি ছাতক উপজেলার বাউশা এলাকা থেকে আটক করেছে। তবে ট্রলির চালক পলাতক রয়েছেন।

দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনারস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে আজ সোমবার বিকেলে দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় ট্রলিটি আটক করা হয়েছে। তবে ট্রলির চালক পলাতক রয়েছে।’

শেয়ার করুন