১০ মার্চ ২০২৩
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি নিয়ে আসার সময় ২১৬ বস্তা চিনিসহ ২জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তাকৃতরা হলো- গাজীপুর জেলার কালিগঞ্জ থানার জাঙ্গালিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ গাজির ছেলে মো. জাহিদুল গাজি (৩৯) ও শেরপুর জেলার শ্রীবরদী থানার সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা গ্রামের মো.দুদু মিয়ার ছেলে মো. সফিকুল ইসলাম (২৮)।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর মহিবুর রহমান জামে মসজিদের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া পলাতক দুই আসামি হলো- সিলেটের কোতোয়ালি থানার লোহারপাড়া গ্রামের মো.মাসুম আহমদ ও কানাইঘাট উপজেলার সাতপারি গ্রামের ইউপি সদস্য ময়নুল হক৷
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে র্যাব-৯ অভিযান পরিচালনা করে। এসময় গ্রেপ্তারকৃতদের কাছে বৈধ কাগজপত্র দেখাতে চাইলে তারা দেখাতে পারেনি। অভিযানে ২১৬ বস্তা ১০৮০০ কেজি ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয় ও দু’জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে র্যাবের ডিএডি মনিরুজ্জামান বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় এজাহার দাখিল করলে, মামলা রুজু হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।