১২ নভেম্বর ২০২০


স্বাস্থ্যকমপ্লেক্সে স্বাস্থ্যসেবা বেহাল

শেয়ার করুন

জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে সিলেটের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ৩১ শয্যার এই হাসপাতালে নেই বিশেষজ্ঞ চিকিৎসক। প্যাথলজি বিভাগে পর্যাপ্ত টেকনিশিয়ান নেই। গত প্রায় পাঁচ বছর ধরে হাসপাতালের এক্সরে মেশিন অকেজো অবস্থায় রয়েছে। এতে উপজেলার সোয়া দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবা বিঘিœত হচ্ছে। সম্প্রতি এই পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়- চিকিৎসক, স্টাফ নার্সসহ অন্যান্য পদের মধ্যে প্রায় অর্ধেক খালি রয়েছে। এর মধ্যে কেউ কেউ বদলী হয়েছেন, আবার কেউ কেউ কর্মস্থলে দীর্ঘদিন ধরে রয়েছেন অনুপস্থিত।
গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। দেশের প্রায় প্রতিটি উপজেলায় রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এগুলো প্রথমে ৩১ শয্যার হলেও পর্যায়ক্রমে সবগুলোই ৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে। এছাড়া, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রসহ গ্রামে প্রতি ছয় হাজার মানুষের জন্য রয়েছে একটি করে কমিউনিটি ক্লিনিক। অথচ, যে উদ্দেশ্যে সরকার এই সব স্বাস্থ্যকেন্দ্র বা ক্লিনিক স্থাপন করেছে, তার অনেকটাই ব্যর্থ হচ্ছে। অর্থাৎ মানুষ এইসব ক্লিনিক স্বাস্থ্যকেন্দ্র থেকে কাংখিত সেবা পাচ্ছে না। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শিশুসহ সব বয়সের মানুষের চিকিৎসাসেবা প্রদান করাই সরকারের মূল উদ্দেশ্য। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করার পাশাপাশি বিনামূল্যে ওষুধপত্রও দেওয়ার কথা। কিন্তু অনেক ক্ষেত্রেই সরকারি আদেশের ব্যত্যয় ঘটছে। অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অনেক রোগীই বিনামূল্যের চিকিৎসা এবং ওষুধ কোনটাই পাচ্ছে না। সেই সঙ্গে রয়েছে চিকিৎসকসহ অন্যান্য স্টাফ সংকট। যে কারণে অনেক স্বাস্থ্যকেন্দ্রেই রোগীরা এসে চিকিৎসকের দেখা পেতে ব্যর্থ হয়। আর অনেক স্বাস্থ্যকেন্দ্রেই চিকিৎসকের অনুপস্থিতিতে অন্যান্য স্টাফরা চিকিৎসার ‘দায়িত্ব’ নিয়ে বসে। যে কারণে অপচিকিৎসার শিকার হচ্ছে সাধারণ মানুষ।
সিলেটের প্রান্তিক উপজেলা সীমান্তবর্তী কানাইঘাটের লাখ লাখ মানুষের ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সাধারণ মানুষ যাতে এখানে এসে প্রত্যাশিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সেই ব্যবস্থা করতে হবে। চিকিৎসকসহ অন্যান্য পদে জনবল সংকট নিরসনের পাশাপাশি সকলকে দায়িত্ব সচেতন করে তুলতে হবে। এ ব্যাপারে ইতোপূর্বে আদালত থেকেও নির্দেশনা এসেছে। সরকারও ঘোষণা দিয়েছিলো প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার। কিন্তু তার কোনটাই বাস্তবায়ন হয়নি।

শেয়ার করুন