২ জুন ২০২২


সংস্কার প্রয়োজন ‘ঝুঁকিপূর্ণ’ ক্বিন ব্রিজ

শেয়ার করুন

অতিথি প্রতিবেদক : ‘সহসা ফিরিয়ে চোখ দিয়ে দেখি দূর পুবাকাশে/তরুণ রক্তের মতো জাগে লাল সাহসী অরুণ /পাখির কাকলি জাগে। ঝিরঝিরে শীতল বাতাসে/দিনের যাত্রার শুরু। অন্তরালে রজনী করুণ!/ধারালো বর্শার মতো স্বর্ণময় সূর্যরশ্মি ফলা/ক্বিন-ব্রিজে আঘাত হানে। শুরু হয় জন তার চলা।’ বলছিলাম সিলেটের ঐতিহাসিক ক্বিন ব্রিজের কথা। নীচে সুরমার স্বচ্ছ জল। নদীর দু’তীরে নাইতে নেমেছে কিশোরের দল। ঢেউয়ের তালে নৌকাগুলো ছুটছে এপার-ওপার। ব্রিজের ঠিক নীচে (উত্তরপাড়ে) রয়েছে ত্রিমুখী চত্বর। এখান থেকে পশ্চিম দিকে এই রাস্তা সিলেট কোতয়ালী থানা হয়ে চলে গেছে কাজিরবাজারে। আর পূর্ব দিকে সার্কিট হাউসের রাস্তা ঘেঁষে চলে গেছে কালিঘাট ও মহাজনপট্টিতে। আর উত্তর দিকের সোজারাস্তাটি সুরমামার্কেট হয়ে বন্দরবাজার।

ব্রিজটির ঠিক উত্তর-পূর্ব কোণে সিলেট সার্কিট হাউস, দক্ষিণ পশ্চিম প্রান্তে ঐতিহাসিক আলী আমজদের ঘড়ি। ব্রিজের নীচে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচিহ্ন স্বরূপ ‘রবীন্দ্র্র স্মৃতিস্তম্ভ’। ঠিক বিপরীত পাশে সিলেটের আরও এক ঐতিহ্যের স্বাক্ষর ‘সারদা স্মৃতি’ হল। আর এক কদম এগোলেই সিলেটের কিংবদন্তিপ্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব পীর হবিব নামকরণে‘পীর হবিব পাঠাগার’।

ক্বিন ব্রিজ ছাড়াও সিলেটে সুরমা নদীর উপর ব্রিজ রয়েছেআরো দুটি। পাশাপাশি অবস্থিত আরো দুটি ব্রিজ যথাক্রমে শাহজালাল ব্রিজ এবং কাজিরবাজার ব্রিজ। কিন্তু সিলেটে কালের সাক্ষি এবং ঐতিহ্য হিসেবে গুরুত্বপূর্ণ এই ক্বিন ব্রিজ। ক্বিন ব্রিজ সংলগ্ন এই স্থানে সরকারি গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা রয়েছে।

দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীসহ সকলকেই আসতে হয় ক্বিন ব্রিজের লাগোয়া সার্কিট হাউসে। কিন্তু এর পরিবেশ অনেকটা ভয়াবহ। যন্ত্রদানব ড্রেজারের কবলে যৌবন হারিয়েছে নদীসুরমা। নদীর দু’তীর দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ময়লা আবর্জনা ফেলা হচ্ছে নদীর দু’তীরে। সার্কিট হাউসের সামনে ট্রাকের দীর্ঘ লাইন। নদীর উত্তর পাড়ের সৌন্দর্যবর্ধক রেলিং জুড়ে ভাসমান হকারদের রাজত্ব।

ক্রেতা-বিক্রেতাদের প্রতিদিনকার ময়লা যেখান থেকে যাচ্ছে নদী তীরে। নদীর সৌন্দর্য গিলে খাচ্ছে ময়লা আবর্জনা থেকে নির্গত দুর্গন্ধ। আর ক্বিন ব্রিজের কথা বলাই বাহুল্য। ১৯৩৬ সাল থেকে চলছে যার উপর পথচলা। বয়সে শতক পূরণ না হলেও ক্ষত চিহ্ন ফুটে উঠেছে ব্রিজটির বহু স্থানে। স্থানে স্থানে গর্তের পাশাপাশি ব্রিজের ব্যবহৃত বাতিগুলোও নিস্ক্রিয়। এই সুযোগ রাতের বেলা কাজে লাগাচ্ছে ছিনতাইকারি চক্র।

ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবুও প্রতিদিন চলাচল করছে ভারী যানবাহন। ব্রিজের অধিকাংশ জায়গা জোড়ে নিয়ে ব্যবসা করছেন ভাসমান হকার। সিসিকের দায়সারা তদারকিতে ক্ষুব্ধ সিলেটের মানুষ। তাদের দাবি- ক্বিন ব্রিজ সিলেটকে রেখেছে অনন্য উচ্চতায়। এই ক্বিন ব্রিজ পরিদর্শনে এসে মুগ্ধ হয়েছেন দেশি-বিদেশি পর্যটকেরা। এই ব্রিজ দিয়ে জনতার পথ চলা শুরু ১৯৩৬ সাল থেকে।

ব্রিজটি নিয়ে গণ মানুষের কবি দিলওয়ার লিখেছেন বিখ্যাত কবিতা‘ক্বিন ব্রিজে সূর্যোদয়’। কবি দিলওয়ার নেই। আছে সিলেটের সাথে ওতোপ্রোতভাবে জড়িত ঐতিহাসিক ক্বিন ব্রিজ। ৮৬ বছরের এই ব্রিজটির উপর দিয়ে ধকল গেছে যৌবনে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কালে পাকিস্থানী হায়েনারা ডায়নামাইট দিয়ে ব্রিজটির উত্তরপাশের একাংশ উড়িয়ে দেয়।

পরবর্তীতে ১৯৭৭ সালে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় ব্রিজের বিধ্বস্থ অংশটি কংক্রিট দিয়ে পুন নির্মাণ করা হয়। সংস্কারকৃত ব্রিজটির উদ্বোধন করেন তৎকালীন নৌ বাহিনীর প্রধান রিয়াল এডমিরাল এম এইচ খান। সুরমা নদীর উপর লৌহনির্মিত সেতুটি সিলেটের অন্যতম একটি দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসেবে সবার কাছে পরিচিত।

এই ব্রিজটিকে সিলেট শহরের‘প্রবেশদ্বার’বলা হয়। শহরের কেন্দ্র্রস্থলে অবস্থিত ব্রিজটির এক দিকে দক্ষিণ সুরমা ও অপরদিকে তালতলা। সিলেট রেলওয়ে স্টেশন থেকে এই ব্রিজটি মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত। ব্রিজটির নামকরণ করা হয় আসামের তৎকালীন গভর্নর মাইকেল ক্বিনের নামানুসারে। গভর্নর থাকাকালীন (১৯৩২-১৯৩৭) তিনি সিলেট সফরে আসেন। তাঁর স্মৃতিকে অম্লান এবং যোগাযোগ ব্যবস্থার তাগিদ থেকেই সুরমা নদীর উপর এ ব্রিজটি নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়।

এরই অংশ হিসেবে রেলওয়ে বিভাগ ১৯৩৩ সালে সুরমানদীর ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে এবং নির্মাণ শেষে ১৯৩৬ সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। ১১৫০ ফুট দৈর্ঘ্য এবং ১৮ ফুট প্রস্থের ব্রিজটি নির্মাণে তৎকালীন সময়ে ব্যয় হয়েছিল প্রায় ৫৬ লাখ টাকা। ২০১৯ সালের ১ সেপ্টেম্বর সংস্কারের জন্য ক্বিন ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় সিলেট সিটি কর্পোরেশন।

এর আগে প্রবেশমুখে লাগানো হয় সাইনবোর্ড। সেখানে উল্লেখ করা হয়রিকশা, ভ্যান ও মোটরসাইকেল ব্যতিত অন্য সব ধরনের যানবাহন এ সেতু দিয়ে চলাচল করতে পারবে না। কিন্তু এসবের কোনো পাত্তাই দেয়নি গাড়ি চালকরা। কর্তৃপক্ষও নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের বিরুদ্ধে নেয়নি কোনো উদ্যোগ। নিষেধাজ্ঞা প্রদান ও ভঙ্গের এক আজব খেলা চলছিল ক্বিন ব্রিজ ঘিরে।

ঝুঁকিপূর্ণ ব্রিজটিতে ইতোমধ্যে বেশ কয়েক বার সংস্কার কাজ করা হয়েছে। ফলে ওই সময় বন্ধকরে দেওয়া হয় রিকশা চলাচলও। তবে দক্ষিণ সুরমার মানুষের দাবির প্রেক্ষিতে কিছুদিন পর রিকশা, ভ্যান, মোটরসাইকেল চলাচলের সুযোগ করে দেয়া হয়। কিন্তু পরবর্তীতে কে বা কারা লোহার ব্যারিকেড তুলে ফেলে। শুরু হয় সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, লাইটেসসহ সব ধরনের যান চলাচল।

এদিকে, সিলেটের অধিকাংশ মানুষের দাবি- ব্রিজটি যান চলাচল মুক্ত রাখা হোক এবং সেটি হলে সিলেটের ক্বিন ব্রিজ হবে বিশ্বের একমাত্র পায়ে হাঁটার ব্রিজ। সিলেট সিটি কর্পোরেশন একবার উদ্যোগ গ্রহণ করলেও দক্ষিন সুরমার অধিকাংশ মানুষ সেটির বিরোধীতা করে সিসিকের বিরুদ্ধে আন্দোলনমুখী হয়ে উঠে।

ব্রিজের উপর দিয়ে দক্ষিণ সুরমায় যাচ্ছিলেন গীতিকার ও সিলেট বেতারের শিল্পী সিরাজ আনোয়ার। তিনি বলেন, ইতিহাসের অংশ এই সিলেট ক্বিন ব্রিজ। ব্রিজের বিভিন্ন স্থানে এখন গর্ত। সোািডয়াম বাতিগুলো অকার্যকর। তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষকে এ বিষয়ে আশু হস্তক্ষেপ গ্রহণের দাবি জানান।

ক্বিন ব্রিজ সংস্কারের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো.শফিকুল ইসলাম হাওলাদার বলেন, ব্রিজটি সংস্কার কার্যক্রমের জন্য গেল অর্থবছরে বরাদ্ধ দেওয়া হয়েছে রেল বিভাগকে। শর্ত অনুযায়ী চলতি অর্থবছরে সংস্কার কার্যক্রম শেষ হওয়ার কথা। কেন যে এখনও কাজ শুরু হয়নি সে বিষয়টি তারাই ভালো বলতে পারবেন।

বরাদ্ধকৃত টাকা কতো ছিল-এ বিষয়ে তিনি বলেন, এই মূহূর্তে ঠিক অংকটা মনে নেই। কাজ শুরুর বিষয়ে রেলের সিলেট বিভাগের সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, যেহেতু মেয়াদ এখনও রয়েছে. সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই।

সেতু প্রকৌশলী (রেলবিভাগ, পূর্ব) আবরার হোসেন বলেন, সংস্কার কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। এখন দরপত্র মূল্যায়নের অপেক্ষায়। দরপত্র মূল্যায়ন চূড়ান্ত হলেই কাজ শুরু করা যাবে। সংস্কার কার্যক্রমের মধ্যে কি আছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফোনে তো ভাই এতো কিছু বলা যাবেনা।

সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, পরিকল্পনা অনুযায়ী সিসিক বিগত দিনেও ব্রিজটির সংস্কারে গুরুত্বারোপ করেছিল। পরবর্তীতে কিছু সংখ্যক মানুষের আন্দোলন ও প্রতিবাদের মুখে পিছু হটতে হয়েছে।

শেয়ার করুন