৯ নভেম্বর ২০২০


সুনামগঞ্জে ডোবার পানিতে ডুবে যুবক নিখোঁজ

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের নির্বাচন কমিশনের অফিসের পাশে হাওরের একটি ডোবায় গরু গোসল করাতে গিয়ে আবু সুফিয়ান (২২) নামে এক যুবক পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আবু সুফিয়ান উপজেলার ঘুংগিয়ারগাওঁ এলাকার নজরুল ইসলামের ছেলে।

সোমবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে সুফিয়ান তার একটি গরু নিয়ে ডোবায় গোসল করাতে নামেন। তখন হঠাৎ তিনি পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করলেও তার কোনো সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিস ও ডুবরি দলকে খবর দেওয়া হয়।

শাল্লা থানার ওসি নাজমুল হক জানান, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর উদ্ধার তৎপরতা শুরু করা হবে।

শেয়ার করুন