৩ নভেম্বর ২০২০


নবীগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার, চাচা আটক

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রতিবেশীর ঘর থেকে আমীর হামজা নামে সাড়ে তিন বছর বয়সী একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হামজা ওই গ্রামের আব্দুস শহীদের ছেলে।

সোমবার মধ্যরাতে উপজেলার দাউদপুর গ্রামে জুনায়েদ মিয়ার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘরের মালিক ও শিশুটির চাচা জুনায়েদ মিয়াকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ।

স্থানীয়রা জানান, আটক জুনায়েদ ও শিশু আমির হামজা সম্পর্কে চাচা-ভাতিজা। সোমবার রাতে জুনায়েদের ঘরে হামজার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, শিশুটির নাক ও মুখে রক্ত ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধের করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার চাচা জুনায়েদকে পুলিশ আটক করেছে। রাতেই মরদেহটি মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন