৭ অক্টোবর ২০২০
মোঃ ফাহাদ আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপির একটি পরিত্যক্ত ভবনে গৃহবধূকে গণধর্ষণ মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ঐ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আউশকান্দি ইউপির আলমপুর গ্রামের সাদিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৭)।
জানা যায়, গত সোমবার আউশকান্দি ইউপির একটি পরিত্যক্ত ভবনে রাতভর গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ এনে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়৷ মামলায় ৩ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ৩ জনসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে।
এতে আসামিদের গ্রেফতার করতে পুলিশের বেশ কয়েকটি দল বিভিন্ন জাগায় তৎপর অভিযান পরিচালনা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় আউশকান্দি ইউপির মিনহাজপুর থেকে গণধর্ষণ মামলায় অভিযুক্ত ২য় আসামি সাইফুল কে গ্রেফতার করে পুলিশ।
এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।