২৯ জুলাই ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশনের উন্নয়ন কাজের ফাঁকফোকরে প্রচুর মরণ ফাঁদের অস্তিত্ব গোটা নগরজুড়ে। এসব মরণ ফাঁদে পড়ে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। এমনকি প্রাণহানীর মতো ঘটনার নজিরও আছে। কিন্তু তবু টনক নড়েনা নগর ভবনের। আশ্বাসের বৃত্তেই ঘুরপাক খেতে হয় সচেতন নাগারিকদের।
তেমনি এক মরণ ফাঁদের অস্তিত্ব বিদ্যমান সিসিক’র ৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলা এলাকায়। সানরাইজ টাওয়ার ও কমিউনিটি সেন্টারের সামনে সিটি করপোরেশনের ড্রেনটির একাংশ উন্মুক্ত
অবস্থায় পড়ে আছে প্রায় দুই বছর ধরে। ৮/১০ ফুটের মতো স্লাব না থাকায় পাশের ফুটপাত দিয়ে যাতায়াতকারী পথচারীদের প্রায়ই দুর্ভোগ পোহাতে হয়। অসাবধানতায় অনেকেই পড়েন জীবনের ঝুঁকিতে। ইতিপূর্বে আহত হয়ে কয়েকজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
তাছাড়া ড্রেন সংস্কারের সময় সানরাইজের দেয়াল ভেঙে পড়েছে। তখন স্থানীয়দের প্রতিবাদের মুখে সিলেট সিটি করপোরেশনের মেয়র একাধিকবার সেই দেয়াল তাদের উদ্যোগে নির্মাণ করে দেয়ার আশ্বাস দিলেও তা আর বাস্তবায়ন হয়নি।