২৪ মার্চ ২০২২
নিজস্ব প্রতিবেদক : অনলাইন ও স্যোসাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগে সিলেট সাইবার ট্রাইব্যুনালে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সময়ের বহুল আলোচিত ও সমালোচিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। মামলায় আসামীরা হলেন- সিলেটের বালাগঞ্জ পৈলনপুরের মইনুল ইসলাম, হাফিজ মুজিবুর রহমান, মসজিদের ইমাম ও খতিব ক্বারী জয়নাল আবেদীন,সিলেট অনলাইন টিভি নবীগঞ্জের রাজু আহমদ, ফেইসবুকে লাইভ ও শেয়ারকারি নবীগঞ্জ সদরঘাটের শেখ শাহজাহান, ফেইসবুকে লাইভ ও শেয়ারকারি হবিগঞ্জ লাখাই মুড়াকুড়ির আব্দুল কুদ্দুছ নুরী, ফেইসবুকে লাইভ ও শেয়ারকারি তপু তরফদার, ফেইসবুকে লাইভ ও শেয়ারকারি নিজাম আহমেদ আকরাম, ফেইসবুকে লাইভ ও শেয়ারকারি নিজামউদ্দিন সিদ্দীকি, একে মিডিয়া সিলেট, ফেইসবুকে লাইভ ও শেয়ারকারি নবীগঞ্জের দেওপাড়া সাতাইল গ্রামের আব্দুল আলিমের ছেলে হাফিজ কামরুল ইসলাম জালালি, ফেইসবুকে লাইভ ও শেয়ারকারি বি-বাড়িয়া জেলার আখাউড়া তুলাই শিমুল গ্রামের শেখ রাসেল, ফেইসবুকে লাইভ ও শেয়ারকারি বি-বাড়িয়া চারগাছ গ্রামের আবদুল ফরহার ছেলে মোরশেদ শাহ, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার গুমগুমিয়া গ্রামের খালেদ আহমদের ছেলে এস, এ শামিম ও টিটিভি।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি আদালতে এ মামলা দায়ের করেন। এ মামলায় ৪ জনকে সাক্ষি করা হয়েছে।
জানা যায়, অগ্রিম টাকা নিয়ে সিলেটের বালাগঞ্জে একটি মাহফিলে না আসার অভিযোগ উঠেছিলো সময়ের গিয়াস উদ্দিন আত তাহেরির বিরুদ্ধে। আয়োজক কমিটি এ বিষয়ে মাইকে ঘোষণাও দিয়েছিলেন।
কিন্তু তাহেরী বলেন, উক্ত মাহফিল সম্পর্কে আমি কিছুই জানিনা, আমাকে না জানিয়েই মাহফিলের পোষ্টারে আমার নাম দেওয়া হয়েছে। পোষ্টারে নাম দিয়ে ও আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে তারা মানহানী করেছে। তাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম।
মামলা দায়েরের পর গিয়াস উদ্দিন তাহেরী বলেন, আমি বালাগঞ্জের মাহফিলের কোনো দাওয়াত পাইনি। জানি-ই না কে বা কারা আমার নাম করে টাকা নিয়েছে। কিন্তু আমার নামে মিথ্যাচার করা হয়েছে তাই আমি আদালতে মামলা দায়ের করতে এসেছি। বিভিন্ন ফেসবুক লাইভে আমাকে গালিগালাজ করা হয়েছে এবং আমার নামে টাকা নেওয়ার অপবাদ দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে মামলা দায়ের করছি। আদালহ আমার আবেদনটি আমলে নিয়েছেন।
সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ সাংবাদিকদের বলেন, আগামী ৩১ মার্চ এ মামলার আদেশের তারিখ নির্ধারণ করেছেন আদালত।
উল্লেখ্য, মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি অগ্রিম ৩৩ হাজার টাকা নিয়ে সিলেটের বালাগঞ্জে একটি ওয়াজ মাহফিলে আসেননি- এমন অভিযোগ ওঠে গত মঙ্গলবার (২২ মার্চ)। এদিন বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ মাহফিলের আয়োজন করেছিলেন স্থানীয়রা।
আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়- ওয়াজ মাহফিলটিতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিলো গিয়াস উদ্দিন আত তাহেরিকে। বিকেলের দিকে প্রধান অতিথি হিসেবে তাঁর ওয়াজ করার কথা ছিলো। মাহফিলে আসা বাবদ তার পিএএস-এর কাছে দুই ধাপে অগ্রিম ৩৩ হাজার টাকাও দিয়েছিলেন আয়োজকরা। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই তাহেরির পিএসের সঙ্গে যোগাযোগ রাখা মোবাইল ফোনে বার বার কল দিলে কেউ রিসিভ করেননি। ওয়াজের নির্ধারিত সময় পর্যন্তও কেউ কল রিসিভ করেননি, এমনকি কল ব্যাকও করেননি।
এক পর্যায়ে টাকা নিয়ে তাহেরির না আসার অভিযোগটি আয়োজক কমিটির পক্ষ থেকে মাহফিলের মাইকে জানিয়ে ওয়াজ শুনতে আসা মুসল্লিদের কাছে ক্ষমা চাওয়া হয়। এসময় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাহেরির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং জুতা হাতে নিয়ে বিক্ষোভ করেন। এছাড়াও এসময় আয়োজক কমিটির পক্ষ থেকে তাহেরিকে পুরো সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এমন কয়েকটি ভিডি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়েছে।
পরবর্তীতে বিষয়টি তাহেরির নজরে আসলে তিনি এ অভিযোগের বিষয়টি সস্পূর্ণ মিথ্যা দাবি করেন।