১ অক্টোবর ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ছাত্রাবাসের নবনির্মিত ভবনসহ বিভিন্ন হল পরিদর্শন করেন তারা। কমিটির সদস্য ধর্ষণ ঘটনার বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন।
বৃহস্পতিবার দুপুরে তদন্ত কমিটির ৪ সদস্য এমসি কলেজ ছাত্রবাসে এসে পৌঁছেন। এর আগে প্রতিষ্ঠানের অধ্যক্ষের সাথে বৈঠক করেন তারা। এরপর ছাত্রাবাসে যান তদন্ত কমিটির সদস্যরা।
তদন্ত কমিটির প্রধান হিসেবে রয়েছেন- সিলেটের জেলা ও দায়রা জজ মো বজললুর রহমান, অন্যান্য সদস্যরা হলেন- মহানগর মুখ্য হাকিম মো: আবুল কাশেম, অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিুনুন নেছা, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন নেছা। এই কমিটিকে পনেরো দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে উচ্চ আদালত।
প্রসঙ্গত, গত শুক্রবার এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। খবর পেয়ে রাতে গৃহবধূকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে শাহপরান থানা পুলিশ।
এ ঘটনায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে শনিবার সকালে নগরীর শাহপরান থানায় মামলা করেছিলেন ভুক্তভোগীর স্বামী। এজাহারভূক্ত ছয় আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
চাঞ্চল্যকর এই ঘটনায় এমসি কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।