২৭ সেপ্টেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে নববধূ ধর্ষণের মামলার প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান ও চার নম্বর আসামী অর্জুন লস্করকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাইফুর রহমান সিলেটের বালাগঞ্জ উপজেলার সোনাপুরের চান্দাইপাড়ার মো. তাহিদ মিয়ার ছেলে। তিনি অস্ত্র মামলারও আসামি। আর অর্জুনের বাড়ি জকিগঞ্জে।
রোববার ভোররাতে সুনামগঞ্জের ছাতক থেকে সাইফুরকে এবং হবিগঞ্জের মাধবপুর থেকে অর্জুনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ঘটনার দিন রাত ৩টার দিকে এমসি কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে সাইফুর রহমানের কক্ষ থেকে একটি পাইপগান, চারটি রামদা ও একটি চাকু, দুটি লোহার পাইপ, প্লাসসহ বিভিন্ন জিনিস জব্দ করে পুলিশ। ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে হোস্টেল সুপারের বাংলো দখলের অভিযোগও রয়েছে।
এসএমপির শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম সাইফুরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চত করে জানান, ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছিল। ভোররাতে ছাতক থানা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগির অর্জুনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার ভোরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উপজেলার সীমান্তবর্তী মনতলা এলাকার দূর্লভ পুর গ্রাম থেকে সিলেটের একদল ডিবি পুলিশ অর্জুনকে গ্রেপ্তার করে। এরপরই তাকে সিলেট নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে শনিবার সকালে নির্যাতিতা গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহপরাণ থানায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে মামলা করেন।