১৮ সেপ্টেম্বর ২০২০


সেদিন লাশের মিছিল ছিল কৃষ্ণপুরে

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর। এদিন কৃষ্ণপুরের ১৩১ জনকে ব্রাস্ট ফায়ার করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। ভয়াল সেই স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন মারা যাওয়ার ভান করে বেঁচে থাকা কয়েকজন।

হবিগঞ্জের লাখাই উপজেলার প্রত্যন্ত এ গ্রামে সকাল থেকে শুরু হওয়া হত্যাযজ্ঞ চলে বিকেল চারটা পর্যন্ত। পুড়িয়ে ফেলা হয় ঘর-বাড়ি। পাক সেনারা পাশবিক নির্যাতন চালায় নারীদের ওপর।

ভোরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে একটি স্পিডবোট ও ৮-১০টি বাওয়ালী নৌকায় করে হানাদার বাহিনী কৃষ্ণপুরে আসে। তাদের সঙ্গে যোগ দেয় মোড়াকরি গ্রামের লিয়াকত আলী, বাদশা মিয়া, ফান্দাউকের আহাদ মিয়া, বল্টু মিয়া, কিশোরগঞ্জের লাল খাঁ, রজব আলী, সন্তোষপুর গ্রামের মোর্শেদ কামাল ওরফে শিশু মিয়াসহ অন্তত ৫০ জন রাজাকার।

সেদিন পাকিস্তানি বাহিনী অন্তত ১৩১ জন পুরুষকে স্থানীয় কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের সামনে লাইনে দাঁড় করিয়ে ব্রাস্ট ফায়ার করে হত্যা করে। পরে আগুন দিয়ে গ্রামের ঘরবাড়ি জ্বালিয়ে দেয় ও লুটপাট করে। এছাড়া গ্রামের অনেক নিরীহ নারীদের ওপর নির্যাতন চালায়। সকাল থেকে শুরু হওয়া এ হত্যাযজ্ঞ ও নির্যাতন চলে বিকেল ৪টা পর্যন্ত।

হানাদারদের হাত থেকে বাঁচতে গ্রামের শত শত নারী-পুরুষ পুকুরে কচুরিপানার নিচে আশ্রয় নেন। কয়েকজন পড়ে থাকেন মৃতের ভান ধরে। হানাদাররা চলে গেলে মরদেহগুলো নদীতে ভাসিয়ে দিয়ে গ্রাম ত্যাগ করে তারা। কপালগুণে প্রাণে রক্ষা পান গোপাল রায়, প্রমোদ রায়, নবদ্বীপ রায়, হরিদাস রায় ও মন্টু রায়সহ আরও কয়েকজন।

বেঁচে যাওয়া গোপাল রায় বলেন, তখন টগবগে তরুণ ছিলাম। ব্যবসা করতাম। সকালে সহকর্মীদের নিয়ে পসারী দোকানের মালামালসহ লাখাই উপজেলার মাদনা গ্রামে যাওয়ার সময় দেখি একজনকে গুলি করে মেরে ফেলেছে পাঞ্জাবীরা। সঙ্গে সঙ্গে দৌঁড় দিই। তবে পালাতে পারিনি। আমিসহ ধরা পড়ি অন্তত ১৭ জন।

তখন আমাদের হাত পেছন দিয়ে বেঁধে নিলডাউন করিয়ে রাখে পাকিস্তানি সেনারা। মুহূর্তেই ব্রাস্ট ফায়ার। আমি গুলি লাগার আগেই দ্রুত মাটিতে লুটিয়ে পড়ি ও মরার ভান ধরে অনেকক্ষণ ধরে পড়ে থাকি। পরে পাকিস্তানিরা চলে গেলে মরদেহের স্তুপের উপর দিয়ে পালিয়ে যায়। সেদিনের কথা এখনো ভুলতে পারি না।

কৃষ্ণপুর গণহত্যা দিবসের ৪৯ বছর পূর্তি আজ। বিকেল চারটায় সেদিন মারা যাওয়াদের প্রতি শ্রদ্ধা জানানো হবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। বধ্যভূমির ওপর নবনির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহির। এ সময় লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজংসহ অন্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

শেয়ার করুন