৫ সেপ্টেম্বর ২০২০
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পৌরসভার উত্তরবাজার টিএনটি অফিসের সামনে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে ঝুলে থাকা বিদ্যুতের খুঁটিগুলো যেন মরণফাঁদ হয়ে দাঁড়িয়ে আছে। এতে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছে ওই এলাকার জনসাধারণ।
সরেজমিন গিয়ে দেখা যায়- পরপর ৩-৪টি খুঁটি কাত হয়ে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের উপর অনেকটা ঝুলে আছে। যেকোনো সময় বৃষ্টি হলে খুঁটির গুড়ালির মাটি নরম হয়ে ঝুলে থাকা বিদ্যুতের খুঁটি মহাসড়কে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এছাড়া এই সড়ক দিয়ে যাওয়া বড়বড় যানবাহন চলাচলের কাঁপুনিতেও খুঁটিগুলো পড়ে যেতে পারে।
এদিকে ব্যস্ততম ওই মহাসড়কের একপাশে সরকারি টিএনটি অফিস, আরেক পাশে ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেন স্কুল, বাসাবাড়ি, ফার্নিচারের শো-রুম, করাতকলের মিলসহ পাশেই বড় আকারের মুসলিম কমিউনিটি সেন্টার। যার ফলে বরাবরই যানবাহন ও জনসমাগম লেগেই থাকে। এমন বাস্তবতায় বড় দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় জনগণ।
এলাকাবাসী জানান- দীর্ঘ ১ মাসেরও বেশি সময় ধরে এই বিপজ্জনক বিদ্যুতের খুঁটিগুলো ঝুলে আছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ ও ঠিকাদারের অবহেলার কারণেই এমনটি হয়ে আছে বলে জানায় তারা।
চুনারুঘাট উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আবুল কাশেম বলেন- আগস্টে শোকের মাস হিসেবে কাজ বন্ধ ছিল। তবে খুঁটিগুলো বিপজ্জনক না। এটা ধারাবাহিক কাজের স্বাভাবিক প্রক্রিয়া। তারপরও আগামী ১০ তারিখ এখানে সংশ্লিষ্টরা কাজ করে খুঁটিগুলো সোজা করে দেবে। তিনি সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।