৩১ আগস্ট ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় শাহিন অহমদ (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শাহিন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। নিহত শাহিন গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের নিয়াগুল গ্রামের আবুল কাসেমের ছেলে।
সোমবার গোয়াইনঘাট সালুটিকরের একটি খাল থেকে লাশটি উদ্ধার করেন তার বাবা।
পারিবারিক সূত্র জানায়, রোববার সন্ধ্যায় সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর এলাকায় অটোরিকশায় করে যাত্রী নিয়ে যান শাহীন। ওইদিন রাত ১০টা পর্যন্ত বাড়িতে না ফেরায় তার খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। পরে বঙ্গবীর পয়েন্টে শাহিনের রিকশা পাওয়া গেলেও এর ব্যাটারিসহ অন্যান্য যন্ত্রাংশ ছিল না। রাতে তারা বাড়ি ফিরে আসেন। সোমবার ভোরে সালুটিকর এলাকার একটি ব্রিজের কাছে শাহিনের জুতা পেয়ে খালে খোঁজ করে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু শাহিনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।