৩০ সেপ্টেম্বর ২০১৭
সিলেট:আগামী জাতীয় নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থীতা ঘোষণা করেছেন এডভোকেট মোহাম্মদ এবাদ হোসেন। বিয়ানীবাজার পৌরশহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের জাপার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এডভোকেট এবাদ হোসেন বলেন, ‘সিলেট-৬ আসন জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত। এ আসন থেকে পরপর দুই বার (১৯৯৮ ও ১৯৯১) জাপার প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এককভাবে আগামী নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন। এজন্য সিলেট-৬ আসনে নির্বাচন করার জন্য আমাকে গ্রীন সিগন্যাল দেওয়া হয়েছে।’
এডভোকেট এবাদ আরও বলেন, ‘পার্টির নেতাকর্মীদের সুসংগঠিত করতে আমি কাজ শুরু করেছি। ইতিমধ্যে দুই উপজেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় হয়েছে। তাঁরা আমাকে সর্বাত্মক সহযোগীতা করার প্রতিশ্রæতি দিয়েছেন।’
তিনি বলেন, ‘বিগত তত্ত্বাবধায়ক সরকারে আমলে শেখ হাসিনা ও খালেদা জিয়া দুর্নীতির কারণে জেল খেটেছেন। কিন্তুহুসেইন মুহম্মদ এরশাদ বহাল তবিয়তে ছিলেন। এ থেকে প্রমাণ হয়েছে এরশাদ তাঁর শাসনামলে কোন দুর্নীতি করেননি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এডভোকেট এবাদ হোসেন বলেন, ‘জাতীয় পার্টিতে কোন বিরোধ নেই। এ আসনে আমি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। যদি অন্য কেউ লাঙ্গল নিয়ে আসেন তার পক্ষে কাজ করবো। তারপরও আমি চাই, সিলেট-৬ আসনে জাপার হারানো গৌরব ফিরে আসুক।’
এ সময় বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলী আহমদ বদরুছ ছালাম, সদস্য দেলওয়ার হোসেন, পৌর জাপার সভাপতি শামছ উদ্দিন রানা, জাপা নেতা কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/৩০ সেপ্টেম্বর ২০১৭/ডি/টিআর/ঘ)