২ সেপ্টেম্বর ২০২৩


দোয়ারাবাজারে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। আহতরা হলেন – উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর গ্রামের মৃত ওয়ারিছ আলীর তিন পুত্র ব্যবসায়ী আকবর আলী, মাওলানা মর্তুজ আলী ও মাস্টার ইয়াকুব আলী, তাদের ভাগ্নে শিহাব, একই গ্রামের মৃত তরিক উল্লার ছেলে নজব আলী, তার ছেলে বাবলু, ইউসুফ আলীর ছেলে রকিব সহ গং ৫-৭জন। শনিবার দুপুরে স্থানীয় নরসিংপুর বাজারে ঘটনাটি ঘটে।

গুরুতর আহতদের দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, ব্যবসায়ী আকবর আলী গং ও তার চাচা নজব আলী গংদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল দীর্ঘদিনের। এ নিয়ে শনিবার দুপুরে স্থানীয় নরসিংপুর বাজারস্থ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের অফিস কক্ষে সালিশ বসে। বিচারের পরবর্তী তারিখ ধার্য্য করে বৈঠক মুলতবি ঘোষণার সাথে সাথেই উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশিয় অস্ত্রসস্ত্রসহ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি চলছে বলে স্থানীয়রা বলাবলি করছেন।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান ঘটনা নিশ্চিত করে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে ।

শেয়ার করুন