১৫ আগস্ট ২০২০


সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ’ ২১ কিলোমিটার সড়ক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে তৃতীয় দফা বন্যার পানিও নেমে গেছে প্রায় দুই সপ্তাহ আগে। তবে গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলোতে বন্যা রেখে গেছে তার ভয়াবহতার ছাপ। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সেতু ও সেতুর সংযোগ সড়ক। আধা পাকা ও ব্রিক সলিং রাস্তাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি পানির তোড়ে হারিয়ে গেছে অনেক সড়কের নিশানা।

সংশ্লিষ্টরা বলছেন, সরকার থেকে এখন পর্যন্ত ৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। শীঘ্রই ঢাকা থেকে একটি টিম আসবে। তারা এসে যাচাই বাছাই করে পরে টেন্ডারের মাধ্যমে সংস্কার কাজ করা হবে। এই প্রক্রিয়াটি শেষে হলেই দ্রুত মেরামত কাজ শুরু হবে।

জানা যায়, সিলেটে এলজিইডি’র আওতাধীন ৭ হাজার ৫১০ কিলোমিটার রাস্তা। এরমধ্যে তিন দফার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫২১ কিলোমিটার সড়ক। এতে ক্ষতির পরিমাণ ২৬০ কোটি টাকা। প্রথম দুইদফা বন্যায় গোলাপগঞ্জ, গোয়াইনঘাট ও কানাইঘাটের গ্রামীণ সড়কগুলোতে ক্ষতির পরিমাণ বেশি থাকলেও তৃতীয় দফা বন্যা শেষে ক্ষতিগ্রস্ত সিলেটের মোট ৯ উপজেলা। এতে চরম ভোগান্তিতে পড়েছে ওই উপজেলাগুলোর মানুষ।

এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল লতিফ জানান, প্রথম দফায় বন্যা হওয়ার পর আমরা একটি তালিকা তৈরি করে প্রধান প্রকৌশলী বরাবর পাঠিয়েছি। পরবর্তীতে দেখা গেলো ২য় এবং ৩য় দফায় বন্যা হয়েছে। এরপর আমরা আবার একটি তালিকা তৈরি করেছি। আমাদের তালিকা অনুযায়ী সিলেট জেলায় মোট ৫২১ কিলোমিটার সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আর্থিক ক্ষতিগ্রস্তের পরিমাণ ২৬০কোটি টাকা। তবে এ টাকার পরিমাণ কম বেশি হতে পারে। কারণ অনেক রাস্তা এখনো পানির নিচে রয়েছে। পানি সরলে সঠিক হিসেব বুঝা যাবে।

বন্যার পর থেকে ভাঙ্গা রাস্তা দিয়ে যাতায়াতে বড় ধরণের ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তবে সংস্কারের মাধ্যমে রাস্তাগুলো দ্রæত চলাচলের উপযোগী হয়ে উঠবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।

এদিকে ভয়াবহ এ বন্যা তেমন কাবু করতে পারেনি সড়ক ও জনপথের আওতাধীন স্থানীয় মহাসড়কে। যে সামান্য ক্ষতি হয়েছে তা ইতোমধ্যেই সংস্কার করে ফেলেছেন বলে জানালেন সওজ সিলেটের প্রধান প্রকৌশলী রিতেশ বড়ুয়া।

শেয়ার করুন