নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হওয়া সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
আজ রোববার (৭ জুন) বিকেলে শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে সিলেট এমএওজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় বদর উদ্দিন আহমদ কামরানকে। সেখান থেকে বিকেল ৬টায় ৩৫ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার এম্বুলেন্স ঢাকার পথে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নেবেন বদর উদ্দিন আহমদ কামরান।
সিলেট থেকে বদর উদ্দিন আহমদ কামরানের সঙ্গে যাচ্ছেন তাঁর স্ত্রী আসমা কামরান ও ছেলে আরমান আহমেদ শিপলু। স্ত্রী আসমা কামরানও করোনাভাইরাসে আক্রান্ত।
এর আগে গত শুক্রবার (৫ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় কামরানের করোনা পজিটিভ ধরা পড়ে। করোনা পজিটিভ আসার পর প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হলেও পরদিন শনিবার (৬ জুন) সকালে তাঁকে শহীদ শামসুদ্দিন আহমদ (সদর) হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।