১২ আগস্ট ২০২০
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচয়ে ফার্মেসি থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার ইনাতগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক ভুয়া (সিআইডি) পরিচয় প্রদানকারী ব্যক্তি রংপুর জেলার কতোয়ালী এলাকার আব্দুল আলীর ছেলে শোভন মাহমুদ (২৯)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শোভন ইনাতগঞ্জ বাজারের মা ফার্মেসি নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ঘুমের ঔষধ চাইলে ফার্মেসির লোক ঔষধ থেকে বের করে দেয়। এতে শোভন বলে- আপনারা ব্যবস্থাপত্র ছাড়া ঔষধি বিক্রয় করেন কেন? আমি সিআইডির লোক। আপনাদের ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
তাতক্ষনিক ফার্মেসি মালিক দুই হাজার টাকা বের করে দিলেও কোনো কাজ হয়নি। পরে স্থানীয়দের সন্দেহ হলে শোভনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এব্যাপারে- ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিআইডির সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে ফার্মেসিতে টাকা দাবির অভিযোগে শোভনকে আটক করা হয়েছে। মা ফার্মেসির মালিক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলার প্রস্তুতি শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।