৬ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : নগরের মিরাবাজারস্থ বিরতি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জনের পাশে দাঁড়িয়েছে সিলেট জেলা প্রশাসন। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের নির্দেশে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে আহত ৯ জনকে দেখতে যান অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান।
এসময় আহতদের খোঁজ-খবর নেন এবং তাদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক এসময় কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশন দেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
সরকারি নির্দেশনা অনুযায়ী বিকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সারা দেশের পেট্রোল ও সিএনজি পাম্প বন্ধ থাকার কথা থাকলেও মিরাবাজারের বিরতি সিএনজি ফিলিং স্টেশনটি ওই সময় খোলা থাকে বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় এরকম অবৈধভাবে গাড়িতে গ্যাস দিতে গিয়ে এ দুর্ঘনা ঘটে।
অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জন হলেন- রিপন (৩৪), লুৎফর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রামিম (১৮), রুমান (২৩), তারেক (৩০) ও মুহিন (৪৫)।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, পাম্প বন্ধের সময়েও খোলা ছিলো বিরতি সিএনজি ফিলিং স্টেশন। সন্ধ্যা ৭টার দিকে ফিলিং স্টেশনটির কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় কম্প্রেসার মেশিনসহ আশপাশের যন্ত্রপাতিতে আগুন ধরে যায়। এতে ৯ জন মুহুর্তে অগ্নিদগ্ধ হয়ে পড়েন। আহতরা বিরতি’র কর্মচারী ও তেল-গ্যাস নিতে আসা কয়েকজন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সিলেট তালতলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল আহমদ গণামাধ্যমকে বলেন- খবর পেয়ে আমরা দুটি ইউনিট দ্রুত ছুটে আসি এবং ১০-১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম) বলেন- সরকারি নিষেধাজ্ঞার সময়ে এই ফিলিং স্টেশন খোলা থাকলে সেটি দেখবে গ্যাস কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান- বিকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পেট্রোল ও সিএনজি পাম্প বন্ধ থাকার নির্দেশ থাকলেও বিরতি সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সরকারি আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনেক সময় বাতি নিভিয়ে গাড়িতে তেল-গ্যাস বিক্রি করে। আর এমন কেনা-বেচা করতে গিয়েই মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।