২৬ সেপ্টেম্বর ২০১৭


সুনামগঞ্জে হাওর রক্ষায় নতুন নীতিমালা

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : হাওর এলাকায় ফসল রক্ষায় ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত, নদী/খাল পুনঃ খননের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নতুন কাবিটা (কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি) নীতিমালা প্রণয়ন করেছে।

গত ১৪ সেপ্টেম্বর পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুজহাত স্বাক্ষরিত কাবিটা’র এই নীতিমালা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগের দিন ১৩ সেপ্টেম্বর এই নীতিমালা অনুমোদন করে মন্ত্রণালয়।

নীতিমালায় প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন এবং প্রকল্প বাস্তবায়ন-তদারকিতে জেলা ও উপজেলা প্রশাসনকে ক্ষমতা প্রদান করা হয়েছে।

পাউবোর নতুন কাবিটার নীতিমালায় উল্লেখ করা হয়েছে, এই বছর হাওরের বোরো ফসল তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এই প্রেক্ষাপটে হাওরের ডুবন্ত বাঁধ নির্মাণ, সংস্কার ও মেরামত কাজের নানা গুরুতর অভিযোগ উঠে।

অভিযোগ তদন্তে সরকারের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে এবং বিভিন্ন সংস্থা কর্তৃক একাধিক তদন্ত কমিটি গঠিত হয়। কমিটির সুপারিশের আলোকে কাবিটা ও কাবিখা নীতিমালায় আমুল সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং সে আলোকে এই নতুন নীতিমালা প্রণয়ন করা হয়।

এ বিষয়ে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম জানান, আগামী বোরো ফসল রক্ষায় পাউবোর নতুন নীতিমালা অনুযায়ী সকল কাজ বাস্তবায়ন হবে। ফসল রক্ষায় কৃষকদের সাথে নিয়ে জেলা ও উপজেলা প্রশাসন আপ্রাণ চেষ্টা করবে। যাতে কৃষকদের মুখে হাসি ফুটে ও হাওরের অর্থনীতি চাঙ্গা হয়ে উঠে। সেই চেষ্টা করা হবে।

বাঁধ নির্মাণে ঠিকাদারী প্রথা থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ঠিকাদারী প্রথা থাকবে, তবে বাঁধ নির্মাণে ঠিকাদার না পাওয়া গেলে বিশেষ ব্যবস্থায় পিআইসি গঠনের মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন করা হবে।

 

(আজকের সিলেট/২৬ সেপ্টেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন