২৬ অক্টোবর ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেটে দিনে দিনে মাদক ব্যবসার সাথে আশংকাজনক হারে মহিলারা জড়িয়ে পড়ছেন। সম্প্রতিকালে পুলিশ ও র্যাবের খাঁচায় ধরাও পড়ছেন। সচেতন মহল মনে করছেন এখনই এদের লাগাম টেনে ধরতে পারলে ভবিষ্যতে তারা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।
জানা যায়, সিলেটের জকিগঞ্জ থেকে ৮৬০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-৯। রোববার রাত ৮টার দিকে উপজেলার ইউনিয়নের নবীগঞ্জ কদুরবাজার যাত্রী ছাউনির পাশ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাজমা বেগম (৩৮) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার নগলাবাজার এলাকার মৃত ইউসুফ আলীর মেয়ে। বর্তমানে সে সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা বলে জানায় র্যাব।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান সোমবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৮৬০ পিস ইয়াবা, দুইটি মোবাইল সেট, দুইটি মোবাইল সিম আলামত হিসেবে জব্দ করা হয়। পরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
এর আগে, ৬ অক্টোবর বুধবার সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৬০ পিস ইয়াবাসহ অঞ্জনা বেগম (৩০) নারী মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। ওইদিন রাত সোয়া ৯টার দিকে স্থানীয় বরইকান্দি ১নং রোডের কাজিরখলার বসতঘর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়- স্থানীয় জামাল উদ্দিনের ভাড়াটিয়া অঞ্জনা বেগম ঘরের ভিতর থেকে মাদক ক্রয়-বিক্রয় করছে; এমন গোপন সংবাদ পেয়ে এসআই (নি.) স্নেহাশীষ পৈত্যের নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ৫হাজার ২৯০ টাকা জব্দ করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ী দক্ষিণ ভার্থখলা এলাকার মো. শাহ আলমের স্ত্রী।
আটককৃত অঞ্জনা বেগমের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়।