২৩ জুন ২০২০


শামসুদ্দিন হাসপাতালে ‘সিট নেই’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনা চিকিৎসার একমাত্র সরকারী হাসপাতাল শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগী ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে রোগীতে পূর্ণ হয়ে গেছে হাসপাতালের ওয়ার্ড, কেবিন ও আইসিইউর শয্যা। ফলে করোনা চিকিৎসার জন্য এখনো নতুন কোনো হাসপাতাল প্রস্তুত করতে না পারায় নতুন সংকট দেখা দিয়েছে।

শামসুদ্দিন হাসপাতালের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, করোনা চিকিৎসার জন্য ১০০ শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে একটি আইসিইউ ও দুটি আইসোলেশন সিট খালি আছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, সিলেটে করোনা চিকিৎসার জন্য নতুন হাসপাতাল চালু করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। এটা যত দ্রুত সম্ভব হবে রোগীদের জন্য তত মঙ্গল হবে।

প্রসঙ্গত- সিলেটে দ্রুত বাড়ছে করোনা রোগী। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চললেও সিলেটে এখনো শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ছাড়া অন্য কোনো হাসপাতাল করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা সম্ভব হয়নি। কিডনি ফাউন্ডেশন ও প্রবাসীদের সহায়তায় ৩১ শয্যার খাদিমপাড়া হাসপাতাল ও ৫০ শয্যার দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসা শুরু হওয়ার কথা থাকলেও এখনো হাসপাতাল দুটি প্রস্তুত নয়।

শেয়ার করুন