১২ জুন ২০২০
ডেস্ক রিপোর্ট : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ জন চিকিৎসক। এদের মাঝে ডা. মঈন উদ্দিন করোনা আক্রান্ত হয়ে মারা যান। বাকি ৭ জনের মাঝে অনেকই সুস্থ হয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
জানা যায়, করোনায় আক্রান্ত ৭ জনের মাঝে রয়েছেন সার্জারি বিভাগের সহকারী রেজিস্টার ০১ জন, জরুরী বিভাগের ইমার্জেন্সী মেডিকেল অফিসার ০১জন, ইউরোলজি বিভাগের বেসরকারি এমএস ফেইজ এ রেসিডেন্ট চিকিৎসক ০১জন, শিশু সার্জারি বিভাগের এমএস ফাইনাল পার্ট চিকিৎসক ০১জন, মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ০১ জন, শিশু বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ০১ জন, গাইনী বিভাগের সহকারী রেজিস্টার ০১ জন।
এদের মধ্যে সার্জারি বিভাগের সহকারী রেজিস্টার সুস্থ হয়ে পুনরায় পুরোদমে কাজ শুরু করেছেন। এছাড়া, শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে যোগদান করতে এসে আরো ১৭জন করোনা আক্রান্ত হয়েছিলেন। তারা সকলে এখন সুস্থ আছেন।
এমন ক্রান্তিকালেও সেবা কিন্তু থেমে নাই, জীবনের ঝুঁকি নিয়ে সপ্তাহের ২৪ ঘণ্টাই রোগীদের কষ্ট লাঘবের চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকবৃন্দ।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের চিকিৎসা দিতে গিয়ে যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের মাঝে একজনের অবস্থা একটু খারাপ হয়েছিল। তবে এখন বাকি সবাই সুস্থ আছেন। সুস্থ হয়ে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছেন।’
উল্লেখ্য, এখন পর্যন্ত ওসমানী হাসপাতালের ৬১জন চিকিৎসক কোভিড ডেডিকেটেড শহীদ ডা. শামসুদ্দীন আহমদ হাসপাতালে সেবা দিচ্ছেন।